Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 15 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়নে আগামী (২০২২-২৩) অর্থবছরের বাজেটে বিবেচনায় রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে ৫০টি প্রস্তাবনা দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

এতে কর কাঠামো সহজ ও যৌক্তিক করার কার্যক্রম বাস্তবায়নসহ আয়কর বিষয়ে ১২টি, মূল্য সংযোজন কর বিষয়ে ১২টি এবং শুল্ক বিষয়ে ২৬টি সুপারিশ তুলে ধরা হয়।

সোমবার (১৪ মার্চ) বিকেল ৩টায় এনবিআরের সম্মেলন কক্ষে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রস্তাব তুলে করেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ।

এসময় দেশের অর্থনীতিতে শতকরা ২৫ ভাগ অবদান রাখা এসএমই খাতের উন্নয়নে এসব সুপারিশ বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০১১-১২ অর্থবছর থেকে প্রতি অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের জাতীয় বাজেটে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ ও আর্থিক প্রণোদনা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে এনবিআর ও সংশ্লিষ্ট সংস্থা বরাবর উপস্থাপন করা হয়।

এর আগে এসএমই খাতবান্ধব প্রস্তাবনা পাঠানোর জন্য এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির কাছে প্রস্তাব চাওয়া হয়।

১৮টি অ্যাসোসিয়েশন থেকে এসএমই খাত সংশ্লিষ্ট ১২০টির বেশি প্রস্তাবনা পাওয়া গেছে। এর মধ্যে এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ৫০টি প্রস্তাবনা চূড়ান্ত করে এনবিআরে পাঠানো হয় বলে সভায় জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএএম//