Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 16 Mar 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি। এ সময় নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান রাষ্ট্রপতি।

বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এ সম্পর্ক কূটনীতির পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধানে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা তুলে ধরেন মো. আবদুল হামিদ। রোহিঙ্গারা যেন সম্মানের সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারে, সে ব্যাপারে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

কভিড-১৯ মোকাবেলায় টিকাসহ অন্যান্য সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের পাশে থাকায় যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে পিটার ডি হাস রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে গার্ড অব অনার দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসকে মনোনয়ন দেন। গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির শুনানিতে হাস বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে। বিদায়ী রাষ্ট্রদূত আর্ল মিলারের স্থলাভিষিক্ত হতে গত ১ মার্চ বাংলাদেশে আসেন তিনি।

বিনিয়োগবার্তা/ডিএফই//