
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে এক দশকে স্টার্টআপখাতে সাড়ে ৭’শ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ এসেছে।
বর্তমানে প্রায় ২২ হাজার ৫০০ স্টার্টআপ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড (বিগ) এর আইডিয়া প্রকল্পের মাধ্যমে স্টার্টআপগুলোকে সরকার আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে অনুষ্ঠিত আইসিটি বিভাগের স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইনের আওতায় ২য় ধাপে স্টার্টআপদের বিনিয়োগ সহযোগিতা প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো: আব্দুল মান্নান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অভ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর সভাপতি ওয়াহিদ শরিফ ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ।
‘শতবর্ষে শত আশা’ ক্যাম্পেইন বৈশ্বিক অর্থনীতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগ দেশে একটি জাতীয় উদ্যোক্তা প্ল্যাটফর্ম তৈরি করবে এবং নতুন নতুন উদ্ভাবন বাস্তবায়নে গতি সঞ্চালন করবে। তিনি আরো বলেন, এর ফলে সম্ভাবনাময় কোনো উদ্যোগই আর ঝরে পড়বে না। উদ্যোগ বাস্তবায়নের আর্থিক সংকট ঘুচবে ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় ৫৩টি বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত ল্যাব, ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন সেন্টার, ৪৯৪টি উপজেলায় জয় ডিজিটাল সার্ভিস সেন্টার, ৩০০ স্কুল অভ ফিউচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অভ ফ্রন্টিয়ার টেকনোলজি প্রতিষ্ঠা করা হচ্ছে। তরুণ প্রজন্মের উদ্যোক্তরাই ভবিষ্যতে একটি জ্ঞানভিত্তিক, অর্থনৈতিক ও উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বলে তিনি এসময় আশাবাদ ব্যক্ত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে স্মরনীয় করে রাখতে আইসিটি বিভাগ “শতবর্ষের শত আশা” উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে ৫০টি স্টার্টআপে ১০০ কোটি টাকা বিনিয়োগ ও দেশে উদ্যোক্তা সংস্কৃতি ও কর্মসংস্থান সৃষ্টি করা। এরই অংশ হিসেবে আজ ২য় ধাপে ৮টি স্টার্টআপকে ১৭ কোটি টাকা মূলধন সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিনিয়োগ চুক্তি হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএএম//