
নিজস্ব প্রতিবেদক: রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে রবিবার (২০ মার্চ) থেকে সারা দেশে টিসিবির পণ্য বিতরণ শুরু হচ্ছে। শনিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচিবিষয়ক সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসকরা।
তারা জানান, এক কোটি কার্ডধারী পরিবার নির্ধারিত পয়েন্ট থেকে বাজারমূল্যের চেয়ে কম দামে নিতে পারবেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এতে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল এবং ছোলা কেনার সুযোগ পাবেন তারা।
দুই ধাপের এ কার্যক্রমের প্রথম ধাপ চলবে ২৯ মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত একই ধরনের পণ্য কেনার সুযোগ পাবেন কার্ডধারী পরিবারগুলো। এ কার্যক্রম তদারকি করবে স্থানীয় জেলা প্রশাসন।
এর আগে শুক্রবার (১৮ মার্চ) রাজধানীতে রফতানি উন্নয়ন ব্যুরো আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ডে টিসিবির মাধ্যমে ১ কোটি মানুষকে কম দামে খাদ্যসামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এ কার্যক্রম রোববার (২০ মার্চ) থেকে শুরু হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ৮৭ লাখ মানুষ, যারা দারিদ্র্যসীমার নিচে বাস করেন, তারা নিশ্চিতভাবে খাদ্যসামগ্রী পাবেন। যারা বাকি রয়েছেন, তাদেরও সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না বলেও দাবি করেন মন্ত্রী।
তিনি বলেন, কিছু কিছু জায়গায় পণ্যের দামে পার্থক্য বেশি হওয়ায় কেউ কেউ সেটার সুযোগ নেয়। তারা দুই থেকে তিনবার পণ্য নেওয়ার চেষ্টা করে। এখন ব্রাজিলে দাম বাড়ার কারণে যদি আমাকে পদত্যাগ করতে হয়, তাহলে আমরা সমস্যা নেই। আমি করতে পারি। আমি সেটি আগেও বলেছি। সমস্যা হলো, চাহিদা ও জোগানের। আপনি যদি হঠাৎ করে বেশি পণ্য নেওয়া শুরু করেন, তাহলে পণ্যের দাম তো বাড়বেই।
এদিকে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ঠেকাতে মন্ত্রণালয়ের পাশাপাশি জেলা প্রশাসনও কাজ করবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বিনিয়োগবার্তা/এসএল//