Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 20 Mar 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ট্যাক্স দেওয়াসহ অন্যান্য লেনদেন ব্যবস্থাকে সহজ, যুগোপযোগী ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে অনলাইনে লেনদেন পদ্ধতি অনুসরণ করতে যাচ্ছে ডিএনসিসি।

রোববার ( ২০ মার্চ) বিকেলে গুলশান-২ ডিএনসিসি প্রধান কার্যালয় নগর ভবনের হল রুমে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আগামী ১ এপ্রিল থেকে নগরবাসী ঘরে বসে খুব সহজে অনলাইনে নিজেই নিজেদের ট্যাক্স দিতে পারবেন। ঘরে বসেই অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স দেওয়াসহ অন্যান্য লেনদেন করতে পারবেন। এই সুবিধা নিশ্চিত করতেই সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। ডিএনসিসি এবং নগদ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে। তার হাত ধরে প্রতিদিনই ই-সেবার ক্ষেত্র ও পরিসর বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়ত অটোমেশনের পরিধি বাড়ছে। সেই ধারাবাহিকতায় ডিএনসিসি একটি পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে।

তিনি আরও বলেন, রেভিনিউ অটোমেশনের এই অগ্রযাত্রায় ডিএনসিসির সঙ্গে যুক্ত হয়েছে ডাক বিভাগের ডিজিটাল লেনদেনের মাধ্যম নগদ। ডিএনসিসি ও নগদের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আমি নগদকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই ডিএনসিসির রাজস্ব বিভাগকে রেভিনিউ অটোমেশনের কাজটি বাস্তবায়নের জন্য।

ডিএনসিসির পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া এবং নগদ লিমিটেডের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/এসএল//