
ডেস্ক রিপোর্ট: গত পাঁচ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানি বেড়েছে। আলোচ্য সময়ে এ অঞ্চলে বাংলাদেশের রফতানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ১০৫ শতাংশেরও বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার সাত দেশ—আফগানিস্তান, ভুটান, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয়। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয় প্রতিবেশী দেশ ভারতে। এছাড়া পাকিস্তান ও নেপালে পণ্য রফতানি হলেও তা ভারতের তুলনায় অনেক কম।
পরিসংখ্যান বলছে, ২০১৬-১৭ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সাতটি দেশে বাংলাদেশ থেকে রফতানির অর্থমূল্য ছিল ৭৩ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলার। এর পরের অর্থবছরে প্রথমবারের মতো আঞ্চলিক বাণিজ্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। ওই অর্থবছরে রফতানি হয় ১০৪ কোটি ডলারের কিছু বেশি। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের রফতানির অর্থমূল্য ছিল ১৪৯ কোটি ৯৯ লাখ ২০ হাজার ডলার, যা ২০১৬-১৭ অর্থবছরে হওয়া রফতানি অর্থমূল্যের চেয়ে ১০৫ দশমিক ১৯ শতাংশ বেশি।
গত পাঁচ বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে দেশ থেকে মোট রফতানি হয় ৩ হাজার ৪৮৪ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলারের পণ্য। এর মধ্যে দক্ষিণ এশিয়ায় রফতানি হয় ৭৩ কোটি ৯ লাখ ৯০ হাজার ডলারের। এ হিসাবে মোট রফতানির মাত্র ২ দশমিক ১০ শতাংশ ছিল দক্ষিণ এশিয়ায়।
২০১৭-১৮ অর্থবছরে দক্ষিণ এশিয়ার সাত দেশে রফতানি হয়েছে মোট রফতানির ২ দশমিক ৮৪ শতাংশ। পরের অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ায় হওয়া রফতানির হিস্যায় বড় উল্লম্ফন ঘটে। ওই অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ার অংশ ছিল ৩ দশমিক ৪৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরেও হিস্যা বা অংশ বৃদ্ধির ধারা অব্যাহত ছিল। যার হার ছিল ৩ দশমিক ৭০ শতাংশ। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে মোট রফতানিতে দক্ষিণ এশিয়ার হিস্যা বেড়ে হয়েছে ৩ দশমিক ৮৭ শতাংশ।
পরিসংখ্যান বলছে, দক্ষিণ এশিয়ার সাত দেশের মধ্যে সবচেয়ে বেশি রফতানি হয়েছে প্রতিবেশী দেশ ভারতে। পাঁচ বছরে দক্ষিণ এশিয়ায় হওয়া মোট রফতানির ৮৬ শতাংশই হয়েছে ভারতে। ২০২০-২১ অর্থবছরেও এ ধারা বজায় ছিল। গত অর্থবছরে দক্ষিণ এশিয়ায় হওয়া রফতানির ৮৫ দশমিক ৩২ শতাংশ হয়েছে ভারতে। পাকিস্তানে হয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ। নেপালে হয়েছে ৪ দশমিক ৫৮ শতাংশ। শ্রীলংকায় রফতানি হয়েছে দক্ষিণ এশিয়ায় হওয়া মোট রফতানির ৩ দশমিক ১৫ শতাংশ।
বিনিয়োগবার্তা/এসএএম//