
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক খাতের বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য সহযোগিতা করবে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এনহ্যান্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ)। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে ইআইএফের প্রতিনিধি দলের সাক্ষাৎকালে বুধবার এ বিষয়ে আলোচনা করা হয়।
বিজিএমইএ পিআর অফিসে আয়োজিত এ সভায় ইআইএফের নেতৃত্ব দেন নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারী। এ দলে আরো ছিলেন ইআইএফের সিনিয়র সমন্বয়কারী হ্যাং টি টি ট্রান ও আঞ্চলিক পোর্টফোলিও ম্যানেজার ডেভিড ডেপ। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের ডিজি ও এক্সপোর্ট ডাইভারসিফিকেশন অ্যান্ড কমপিটিটিভনেস ডেভেলপমেন্ট প্রজেক্টের (টায়ার-২) প্রকল্প পরিচালক মো. হাফিজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের পোশাক শিল্পের সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে বাণিজ্যে দরকষাকষি সক্ষমতা ও রফতানিতে প্রতিযোগী সক্ষমতা বাড়াতে সহায়তা করা যায়, সেগুলো নিয়ে তারা আলোচনা করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//