
বরিশাল প্রতিনিধি: বরিশালের হিজলা ও মুলাদিতে গ্যাসের সন্ধানে আবার শুরু হচ্ছে সিসমিক সার্ভে। সম্ভাব্যতা যাচাইয়ে এলাকা পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, গবেষণায় খনিজসম্পদের অস্তিত্ব পাওয়া গেলে নিজস্ব সক্ষমতায় তা উত্তোলন করা হবে।
সম্ভাব্যতা যাচাইয়ে বরিশালের হিজলা ও মুলাদিতে চারবার চালানো হয়েছে প্রাথমিক খননকাজ। ৪১ বছর পর আবারও খনিজসম্পদের খোঁজে সরকার।
রোববার (২৭ মার্চ) সকালে হিজলায় সম্ভাব্যতা যাচাইয়ে সিসমিক সার্ভের স্থান পরিদর্শন করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ ও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কর্মকর্তারা। তারা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের মোল্লাবাড়ি এবং খনির পয়েন্ট স্থান পরিদর্শন করেন। এ সময় তারা জানান, গ্যাসের অস্তিত্ব মিললে কোনো বিদেশি সাহায্য ছাড়াই খনন শুরু করা হবে।
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আমরা সিসমিক জরিপ করব। তারপর আগের সব ভুল নির্ণয় করে সঠিক স্থান নির্ধারণ করব।’ স্থান নির্ণয় শেষে দ্রুত কাজ শুরুর কথা জানিয়ে বাপেক্সের মহাব্যবস্থাপক মেহেরুল হাসান বলেন, ‘মাটির নিচের যে ফলাফল আসবে, সেটি একত্রিত করে আমরা আবার স্থান নির্ধারণ করব। আগের নির্ধারিত স্থানই সঠিক ছিল কি না, দেখা হবে বা নতুন আরেকটি স্থান নির্ধারণ করা হবে।’
পাশের জেলা ভোলায় রয়েছে গ্যাস। তাই হিজলা ও মুলাদিতে খনিজসম্পদ পাওয়ার আশা এলাকাবাসীর। গ্যাস পাওয়া গেলে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। তিনি বলেন, ‘তেল বা গ্যাসের সম্ভাবনা ছিল। সেটি উত্তোলন করতে পারলে আমাদের এ অঞ্চল ও জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হবে।’
এদিকে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন সম্পদ আহরণে সরকারের গবেষণায় জোর দেওয়ার কথা জানান।
বিনিয়োগবার্তা/এসএল//