
ডেস্ক রিপোর্ট: করোনাকালিন লকডাউনের নিয়ম ভেঙে পার্টি করেছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। গত কয়েকমাস ধরে তা নিয়ে উত্তাল ছিল যুক্তরাজ্যের রাজনীতি।
সম্প্রতি পুলিশ বিষযটির তদন্ত শুরু করে। তদন্ত শেষে বরিস জনসনকে ২০ দফা জরিমানা করা হয়েছে।
লন্ডন পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।
মঙ্গলবার লন্ডনের পুলিশ জানায়, ১০ ডাউনিং স্ট্রিটে হওয়া ১২টি পার্টি নিয়ে তদন্ত চালানোর পর এই জরিমানার নোটিস দেশটির প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। বলে আরও কয়েকটি তদন্ত এখনও চলছে বলে পুলিশ জানিয়েছে। সেগুলিতেও প্রধানমন্ত্রী দোষী প্রমাণিত হলে জরিমানার পরিমাণ আরও বাড়তে পারে।
করোনার সময় ১০ ডাউনিং স্ট্রিটে যে পার্টি হয়েছিল তা নিয়ে শতাধিক আমন্ত্রিত অতিথিকে প্রশ্ন পাঠিয়েছে পুলিশ। তার মধ্যে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনকও আছেন।
মাসকয়েক আগে বরিস জনসনের একের পর এক পার্টির কথা প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেন। বরিসের দলের একাধিক সাংসদ পদত্যাগ করেন। অনেকে প্রকাশ্যে সমালোচনা করেন। তবে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পরে বিষয়টি খানিকটা ধামা চাপা পড়ে যায়।
তবে মঙ্গলবার পুলিশের এই বিবৃতির পর ফের বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের রাজনীতি উত্তাল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: ডিডাব্লিউ, বিবিসি, দ্য গার্ডিয়ান।
বিনিয়োগবার্তা/এসএএম/