
নিজস্ব প্রতিবেদক: পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভজির তরঙ্গ (স্পেকট্রাম) নিলাম আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এই নিলামে দেশের সব মোবাইল ফোন অপারেটর অংশ নিচ্ছে। নিলাম থেকে তরঙ্গ কিনে অপারেটররা ফাইভজি চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানা গেছে। ফাইভজির জন্য নিলাম হবে ২২০ মেগাহার্টজ তরঙ্গের।
বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিলাম শুরু হবে। নিলাম পরিচালনা করবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার প্রমুখ।
নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬ মিলিয়ন ডলার। ১৫ বছরের জন্য এ তরঙ্গ বরাদ্দ দেয়া হবে। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।
বিনিয়োগবার্তা/ডিএফই//