
নিজস্ব প্রতিবেদক: নিলাম থেকে দুই ব্যান্ডে ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে চার সেলফোন অপারেটর। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ২২০ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিলামে সবচেয়ে বেশি তরঙ্গ কিনেছে শীর্ষ দুই অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা। নিলামে সব মিলিয়ে তরঙ্গ বিক্রি হয়েছে ১০ হাজার ৬৪৫ কোটি টাকার।
‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’-এ গ্রামীণফোন ও রবি ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে। অন্যদিকে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড ৪০ মেগাহার্টজ ও টেলিটক বাংলাদেশ লিমিটেড কিনেছে ৩০ মেগাহার্টজ তরঙ্গ। গতকালের নিলামের পর দেশের চার সেলফোন অপারেটরের কাছে থাকা মোট তরঙ্গের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ দশমিক ৬ মেগাহার্টজ। ১৫ বছরের জন্য এ তরঙ্গ বরাদ্দ পাচ্ছে অপারেটররা।
তারবিহীন টেলিযোগাযোগ সেবার প্রধান মাধ্যম এই তরঙ্গ। নেটওয়ার্ক যন্ত্র ব্যবহার করে সেলফোন অপারেটররা তরঙ্গের মাধ্যমেই গ্রাহকদের সেবা দেয়।
নিলামে তোলা হয় ২ দশমিক ৩ ও ২ দশমিক ৬ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ। ফোরজি ও ফাইভজি—দুই প্রযুক্তির সেবাই এ তরঙ্গে ব্যবহার করা যাবে। নিলামে তোলা ২ দশমিক ৩ গিগাহার্টজের ১০০ মেগাহার্টজ তরঙ্গের মধ্যে ৭০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হয়েছে। অন্যদিকে নিলামে তোলা ২ দশমিক ৬ গিগাহার্টজ তরঙ্গের পুরোটাই বিক্রি হয়েছে। প্রতি মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয় ৬ মিলিয়ন ডলার। নিলামে সর্বশেষ দর ওঠে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।
গতকালের নিলাম থেকে সবচেয়ে বেশি তরঙ্গ কিনেছে রবি ও গ্রামীণফোন। এর মধ্যে ২ দশমিক ৬ গিগাহার্টজের ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে রবি। তরঙ্গ কিনতে রবির খরচ হয়েছে প্রায় ৩ হাজার ৩৬০ কোটি টাকা। গ্রামীণফোনও সমপরিমাণ টাকায় ২ দশমিক ৬ গিগাহার্টজের ৬০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
বাংলালিংক কিনেছে ২ দশমিক ৩ গিগাহার্টজের ৪০ মেগাহার্টজ তরঙ্গ। এ তরঙ্গ কিনতে প্রতিষ্ঠানটির খরচ হয়েছে ২ হাজার ২৪১ কোটি টাকা। অন্যদিকে ২ দশমিক ৩ গিগাহার্টজের ৩০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে টেলিটক। এজন্য রাষ্ট্রায়ত্ত সেলফোন অপারেটরটিকে ১ হাজার ৬৮০ কোটি টাকা খরচ করতে হয়েছে।
নিলামে কেনা তরঙ্গ যোগ হওয়ার পর গ্রামীণফোনের মোট তরঙ্গের পরিমাণ ১০৭ দশমিক ৪ মেগাহার্টজে উন্নীত হবে। একইভাবে রবির ১০৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৮০ ও টেলিটকের তরঙ্গের পরিমাণ ৫৫ দশমিক ২ মেগাহার্টজে উন্নীত হবে।
বিক্রি হওয়া ১৯০ মেগাহার্টজ তরঙ্গ দেশের টেলিযোগাযোগ সেবার মানে আমূল পরিবর্তন আনবে উল্লেখ করে নিলাম অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, যে পরিমাণ মানুষের কাছে আমরা কানেক্টিভিটি পৌঁছাচ্ছি, সেই পরিমাণ মানুষের কাছে কানেক্টিভিটি পৌঁছানোর জন্য যে গুণগত মান বজায় রাখা দরকার, এটির ক্ষেত্রে ঘাটতি আছেই। ঘাটতির অন্যতম কারণ যথাযথ এবং যে পরিমাণ তরঙ্গ থাকা উচিত, তা না থাকা। তবে আমরা ১৫৬ মেগাহার্টজ থেকে আজকেই যখন আরো ১৯০ মেগাহার্টজ যোগ করতে পেরেছি, তার মানে হচ্ছে আমাদের অবস্থার একটি আমূল পরিবর্তন আমরা দেখতে পাব।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, আবারো ৬০ মেগাহার্টজ তরঙ্গ কেনার মাধ্যমে দেশের মানুষের ডিজিটাল সম্ভাবনা উন্মোচনে আমাদের অঙ্গীকারকেই পুনর্ব্যক্ত করছে। গ্রাহকদের অভিজ্ঞতার আরো উন্নয়ন এবং সেবার মান উন্নয়ন আমাদের প্রথম অগ্রাধিকার। ভবিষ্যতে নেটওয়ার্কে আমাদের তরঙ্গের ব্যবহার গ্রাহকদের আরো উন্নত ফোরজি সেবা প্রদানে সহায়ক হবে।
বাংলালিংকের সিইও এরিক অস বলেন, আরো বেশি পরিমাণ তরঙ্গ ব্যবহারের ফলে দেশের মানুষ এখন দ্রুততর ইন্টারনেট ও উন্নত ডিজিটাল সেবা পাবে। সব গ্রাহকের জন্য ফোরজি, নির্দিষ্টসংখ্যক গ্রাহকের জন্য ফাইভজি নয়—বাংলালিংকের লক্ষ্য আগামী দু-তিন বছরে নতুন তরঙ্গ প্রাথমিকভাবে ফোরজি সেবায় ব্যবহার করা।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কমিশনার প্রকৌশলী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান জুয়েল, পরিচালক ড. সোহেল রানা ও লে. কর্নেল আউয়াল উদ্দিন নিলাম পরিচালনা করেন।
বিনিয়োগবার্তা/ডিএফই//