Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 02 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে শেষ হলো পর্যটন মেলা। দীর্ঘদিন পর এমন আয়োজন সাড়া জাগিয়েছে পর্যটকদের। আর কর্মতৎপরতা ফিরে আসায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

পর্যটকদের উপস্থিতিই বলে দেয় বাঁধনহারা মন আবারও ছুটতে চায় নতুন কোনো চোখ জুড়ানোর দেশে। নির্দিষ্ট গন্তব্যের বিভিন্ন অফার খুঁজে নিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসেন তারা।
 
নিয়ন্ত্রিত করোনা পরিস্থিতিতে কোণঠাসা মনের স্থবিরতা কাটাতে তিনদিনের এ মেলার শেষদিন শুক্রবার (০১ এপ্রিল) জমজমাট ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপস্থিতিতে।
 
প্রায় দু'বছর পর এমন আয়োজনে পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানায় অপারেটরগুলো। 'বিশ্বভ্রমণ নিষেধাজ্ঞা মুক্ত'- এমন বার্তা দিতেই এ মেলার আয়োজন বলেও জানান তারা।

এর আগে দেশের পর্যটনশিল্প খাতের সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার (৩০ মার্চ) দশম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা (বিটিটিএফ) শুরু হয়েছিল।
 
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সচিব মোকাম্মেল হোসেন বলেছিলেন, করোনার কারণে বৈশ্বিক পর্যটন খাত ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। এই মেলা সে অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেবে। তিনি বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে। ২৭টি নীতিমালা নেওয়া হয়েছে।
 
আয়োজকেরা জানান, মেলায় প্রায় ৮০টি স্টলে দেশি-বিদেশি বিভিন্ন ট্যুর অপারেটর, ট্রাভেল কোম্পানি, এজেন্ট, হোটেল, রিসোর্ট ও পরিবহন কোম্পানি অংশ নিয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//