Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 09 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি: করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই পণ্য রফতানিতে গতি বেড়েছে চট্টগ্রাম বন্দরে। চলতি বছরের প্রথম তিন মাসেই পণ্য রফতানি হয়েছে ৭০ হাজার টিইইউএস কনটেইনার। এর মধ্যে মার্চ মাসে রফতানি হয়েছে বেশি। রফতানির বড় অংশ পোশাক পণ্য বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহন করা জাহাজের মেইন লাইন অপারেটরের (এমএলও) হিসাব মতে, জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রফতানি হয়েছে ৭৩ হাজার ৫৪২ টিইইউএস কনটেইনার। ফেব্রুয়ারিতে যা সাড়ে তিন হাজার কমে দাঁড়ায় ৭০ হাজার টিইইউএস কনটেইনারে। আর সেই দুই মাসের সব হিসাবকে ছাড়িয়ে মার্চ মাসে হয় নতুন রেকর্ড। মাসটিতে রফতানি হয়েছে ৭৬ হাজার ২০০ টিইইউএস কনটেইনার।

তবে এ তিন মাসে পণ্য রফতানি বাড়লেও কমেছে আমদানি। একই বন্দর দিয়ে জানুয়ারি মাসে পণ্য আমদানি হয়েছে এক লাখ ৩১ হাজার টিইইউএস কনটেইনার। ফেব্রুয়ারি মাসে তা ১৫ হাজার কমে দাঁড়ায় এক লাখ ১৫ হাজারে। মার্চ মাসে আরো দুই হাজার কমে দাঁড়ায় এক লাখ ১৩ হাজারে।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ২০২১ সালে প্রতি মাসে গড়ে হ্যান্ডেলিং করা হয়েছিল দুই লাখ ৬৮ হাজার টিইউএস কনটেইনার। চলতি বছরের জানুয়ারিতে সে সংখ্যা গিয়ে দাঁড়ায় দুই লাখ ৯২ হাজারে। ২০২১ সালের জানুয়ারি মাসে যা ছিল দুই লাখ ৮০ হাজার টিইউএস একক কনটেইনার।

এছাড়া ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে একক কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল ৩২ লাখ ১৪ হাজার। তবে কনটেইনার হ্যান্ডেলিংয়ে সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল ২০২০ সালে। করোনার কারণে সে বছর একক কনটেইনার হ্যান্ডেলিং হয়েছিল ২৮ লাখ ৩৯ হাজার। ২০১৯ সালে ৩০ লাখ ৮৫ হাজার একক কনটেইনার হ্যান্ডেলিংয়ে করতে সক্ষম হয়েছিল দেশের প্রধান এ সমুদ্র বন্দর।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পোশাকখাতে কাজের গতি বেড়েছে। এখন এ খাতে পণ্যের কার্যাদেশ বেড়েছে। যথাসময়ে পণ্য রফতানি করতে কারখানা মালিক-শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে।

তিনি আরো বলেন, বন্দর-কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাই আমাদের যথাযথ সেবা দেওয়ার চেষ্টা করছে। আমাদের এখন এ গতিধারা ধরে রাখতে হবে। দেশের পোশাকখাতকে কীভাবে আরো বিকশিত করা যায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পোশাকখাতের। যথাসময়ে পণ্য জাহাজিকরণে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া চট্টগ্রাম-ইতালি রুটে রফতানি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু হয়েছে। বন্দরের কার্যক্রমকে ধাপে ধাপে পুরোপুরি অনলাইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে।

বিনিয়োগবার্তা/এসএল//