
নিজস্ব প্রতিবেদক: দেশে তেলের বাজার তদারকির জন্য বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে। যার মাধ্যমে শিপিং থেকে উৎপাদন পর্যায় পর্যন্ত নজরদারি করা যাবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। শনিবার (০৯ এপ্রিল) সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ এইচ এম সফিকুজ্জামান এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসসহ বছরের অন্যান্য সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা, ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি, আমদানির পরিমাণ, জাহাজীকরণ, কী পরিমাণ এলসি খোলা হয়েছে এ ধরনের সব তথ্য রিয়েল টাইম ডেটা অ্যাপে পাওয়া যাবে। তাৎক্ষণিক তথ্য পাওয়ার ফলে বাজারে পণ্যের চাহিদা অনুযায়ী সরবরাহ নির্বিঘ্নে করা অনেক সহজ হবে।
এ অ্যাপটি অচিরেই চালু করার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে বলে তিনি জানান। এ সময় মহামারি ও যুদ্ধের কারণে বর্তমানে ভোগ্যপণ্যের বাজার অস্থির হয়ে আছে বলে মন্তব্য করেন ব্যবসায়ীরা।
রমজান মাসে দ্রব্যমূল্য বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে আয়োজিত এ মতবিনিময় সভায় চট্টগ্রামে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সংগঠনের নেতারা তাদের মতামত তুলে ধরেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজার মনিটরিং ও আমদানি পরিস্থিতি নিয়ে কথা বলেন ব্যবসায়ীরা।
সভায় ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, যারা বাজারে অস্থিরতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠনগুলোও দাঁড়াবে। সিন্ডিকেট করে কেউ পার পাবে না। দ্রব্যমূল্য নিয়ে যে অস্থিরতা ছিল তা অনেকটা কেটে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, যেখানে পাইকারি ও খুচরা পর্যায়ে মধ্যে ২০ শতাংশের বেশি পার্থক্য হওয়ার কথা নয়, সেখানে পণ্য ভেদে ২০০ শতাংশের বেশি বাড়তি দামে বিক্রি হচ্ছে। এসবের বিরুদ্ধে সরকার কঠোর হচ্ছে।
ব্যবসায়ী সংগঠনের নেতারা দাম বাড়ানোর জন্য প্রতিজ্ঞা করলে বাজার তদারকির কোনো প্রয়োজন নেই মন্তব্য করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক।
এ সময় চট্টগ্রাম বন্দর ও খাতুনগঞ্জের কথা উল্লেখ করে ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, বাংলাদেশের আমদানি রফতানির প্রায় ৯০ শতাংশের ওপরে চট্টগ্রাম থেকে হয়। তাই এখানকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে সারা দেশের বাজার নিয়ন্ত্রণে থাকবে।
এদিকে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম বলেন, দুই বছরের মহামারি এবং সম্প্রতি ইউক্রেন যুদ্ধের কারণে ভোগ্যপণ্যসহ বেশ কিছু পণ্যের দাম সারাবিশ্বে বেড়েছে। এতে চাহিদা ও সরবরাহের একটি বড় সমস্যা তৈরি হয়েছে। যার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়েছে।
এছাড়া পাইকারি ও খুচরা পর্যায়ে দ্রব্যমূল্যের পার্থক্য নিরূপণে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান এ ব্যবসায়ী নেতারা।
সভায় খাতুনগঞ্জে সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু রায়হান দোলন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক, আমদানিকারক মার্কেট অ্যাসোসিয়েশনের নেতাসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বিনিয়োগবার্তা/এসএল//