Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 10 Apr 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: নেদারল্যান্ড ভিত্তিক গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ (জিআরআই), ঢাকা স্টক এক্সচেঞ্জ লিঃ এর যৌথ উদ্যোগে জুম প্লাটফর্মে জিআরআই বাংলাদেশের রিপোর্টারদের সাথে ২য় গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (৬ এপ্রিল, ২০২২) এ সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ও ডিএসই’র জিআরআই বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল আমিন রহমান। 

সূচণা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে সাসটেইনেবল রিপোর্টিং এর কোন নিয়ন্ত্রণমূলক বাধ্যবাধকতা না থাকার পরও ৫০ টির বেশি তালিকাভুক্ত কোম্পানি তাদের বার্ষিক প্রতিবেদনে ইএসজি রিপোর্টিং প্রকাশ করে, যা মোট তালিকাভুক্ত কোম্পানি প্রায় ১৪% শতাংশ। কিন্তু এখনও অনেক তালিকাভুক্ত কোম্পানি এর বাইরে রয়েছে। আর এটাকে বৃদ্ধি করার জন্য সাসটেইনেবল রিপোর্টিং এর উদ্যোগকে প্রসারিত করতে হবে।

অনুষ্ঠানে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া বলেন, জিআরআই দক্ষিণ এশিয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ গত ৫ বছর ধরে একসঙ্গে কাজ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং জিআরআই ২০১৮ সাল থেকে জিআরআই সাসটেইনেবিলিটি রিপোর্টিং মডেল অনুযায়ী ইএসজি ডিসক্লোজার এবং এর সুবিধার জন্য তালিকাভুক্ত, অতালিকাভুক্ত এবং বড় কোম্পানীগুলোকে একত্রিত করতে একসঙ্গে কাজ করছে। আমি বিশ্বাস করি যে, সকল সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা আমাদের স্থায়িত্বের সমস্যাগুলোর সমাধান করার বিষয়ে আলোকপাত করবে এবং এর রিপোর্টিং আমাদের পৃথিবীকে আরও সতেজ ও বাসযোগ্য করে তুলবে। গবেষণায় দেখা গেছে যে, মহামারী স্বত্তেও জিআরআই ভিত্তিক প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা একটি অভাবনীয় বিষয়। আমরা আশা করছি যে, আরো অনেক কোম্পানি প্রতিবেদন তৈরীতে তাদের যাত্রা শুরু করবে এবং তাদের কোম্পানিকে আরও টেকসই উপায়ে পরিচালনা করতে সক্ষমতা অর্জনের লক্ষ্যে ডিএসই প্রোগ্রামের জিআরআই রিপোর্টিং ব্যবহার করবে। আমরা সম্প্রতি এমন একটা উদ্যোগ গ্রহণ করেছি যে, যেসব কোম্পানির বার্ষিক প্রতিবেদনে জিআরআই রিপোর্টিং এর জন্য অতিরিক্ত পয়েন্ট থাকবে এমন ১০ থেকে ১৫টি কোম্পানিকে পুরস্কৃত করা হবে। আমার বিশ্বাস এতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আরও বেশি জিআরআই রিপোর্টিং করার প্রবণতা বৃদ্ধি পাবে। ডিএসই নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় এই ধরনের কর্মসূচী অব্যাহত রাখবে এবং সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য স্থায়িত্ব প্রতিবেদন নির্দেশিকা তৈরি করবে।

বিএসইসি’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, এখনকার বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো ব্যবস্থাপনা এবং বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিবেশগত, সামাজিক এবং সরকারী বিষয়গুলি বিবেচনা করে। কারণ খরচ হ্রাস, উচ্চ উৎপাদনশীলতা এবং সর্বোত্তম বিনিয়োগের উপর তাদের প্রভাব রয়েছে৷ ইএসজি রিপোর্টিং সে সকল বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারে যারা শুধুমাত্র একটি কোম্পানির আর্থিক কর্মক্ষমতার পাশাপাশি নৈতিক বিষয়গুলির বিবেচনা করে। আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি পুঁজিবাজার নিয়ন্ত্রক এবং ইস্যুকারী কোম্পানিগুলির জন্য ইএসজি রিপোর্টিং এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। উন্নত দেশের তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ইত্যাদির মতো কিছু উন্নত অর্থনীতির দেশের জন্য ইএসজি রিপোর্টিং বাধ্যতামূলক। বাংলাদেশে অল্প সংখ্যক কোম্পানি ইএসজি রিপোর্টিং পালন করে। এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও বিএসইসি এ বিষয়ে কিছু উদ্যোগ নিয়েছে। এখন বাংলাদেশের নিয়ন্ত্রক ও স্টেকহোল্ডারদের ইএসজি রিপোর্টকে গুরুত্ব সহকারে নেওয়ার সময় এসেছে। ডিএসই একটি অভিন্ন ইএসজি রিপোর্টিং ফরম্যাট তৈরি করতে নিয়ন্ত্রকদের সংযুক্ত করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যা বার্ষিক প্রতিবেদনের অংশ হবে। সেখানে নিরীক্ষকদের একটি গুরুত্বপূর্ণ অংশ থাকবে। তাই বাংলাদেশ ব্যাংক, বিএসইসি এবং আইসিবির যৌথ সহযোগিতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

জিআরআই দক্ষিণ এশিয়ার পরিচালক ড. অদিতি হালদার বলেন, জিআরআই থেকে আমরা বাংলাদেশে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মতো অংশীদারের সাথে সহযোগিতা এবং কাজ করতে পেরে খুবই গর্বিত, যারা আমাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশে টেকসই প্রতিবেদন তৈরিতে একটি মূলধারার অনুশীলন করার ব্যাপারে আমাদের সর্বত্র সহযোগিতা প্রদান করছে। আমরা প্রায় অনেকগুলি নীতির মাধ্যমে বিশ্বজুড়ে প্রভাব তৈরি করেছি যেমন: ১৬৭টি দেশে ১৬৮টি নীতি, ২৫০টি বৃহত্তম কোম্পানির ৭৫ শতাংশ আমাদের জিআরআইর মান অনুসরণ করে। বিশ্বের ৫৭টি দেশে জিআরআই প্রশিক্ষণ কোর্স রয়েছে এবং ৬৮টি দেশের ৪৫০টিরও বেশি অর্গানাইজেশন্স রয়েছে যারা সক্রিয়ভাবে জি আর আই সম্প্রদায়ে অংশগ্রহণ করছে। আমরা বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সমগ্র অঞ্চল এবং সারা বিশ্বের তালিকাভুক্ত কোম্পানিগুলো জিআরআই মান অনুসরণ করানোর জন্য কাজ করছি। ধারণামূলক প্রতিবেদনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে, কেন তারা প্রতিবেদন করছে এবং নীতিগুলি কী এবং স্টেকহোল্ডাররা টেকসই প্রতিবেদনে যে তথ্যগুলো প্রকাশ করছে তাতে বিনিয়োগকারীরা সত্যিই সন্তুষ্ট কিনা। তাই ঢাকা স্টক এক্সচেঞ্জের নেতৃত্ব এবং সক্রিয় সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এমন প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছি যাতে তথ্য রয়েছে, যা সামঞ্জস্যপূর্ণ, তুলনীয় এবং বাজারে আস্থা তৈরি করতে পারে, কারণ বিশ্বাস ছাড়া বাণিজ্যিক লেনদেন মসৃণভাবে ঘটতে পারে না।

জিআরআই দক্ষিণ এশিয়ার ম্যানেজার রুবিনা পাল ডিএসই জিআরআই এর কর্মকান্ডের বর্তমান অবস্থা এবং নতুন সার্বজনিন স্ট্যান্ডার্ড নিয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানটিতে আরও বক্তব্য প্রদান করেন পাওয়ারগ্রীড (ভারত) এর সাবেক প্রধান মহাব্যবস্থাপক ড. আর কে শ্রীভাস্তবা, স্ট্যান্ডার্ড ব্যাংক লিঃ এর অতিরিক্ত মহাপরিচালক মোঃ তৌহিদুল আলম খান, আদানি এন্টারপ্রাইজ লিঃ (ভারত) এর চীফ সাসটেইনিবিলিটি অফিসার পারভিন আনান্ত।

জিআরআই (গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ) একটি স্বাধীন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা বিশ্বব্যাপী সাধারণ ভাষার মাধ্যমে যোগাযোগ স্থাপন করে ব্যবসাসহ অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের নানা প্রভাবের দায়িত্বভার নিতে সাহায্য করে। স্থায়ী বা টেকসই প্রতিবেদনের জন্য বিশ্বের সর্বাধিক ব্যবহৃত জিআরআই মানদন্ড প্রদান করে। জনস্বার্থ রক্ষাই তাদের একমাত্র উদ্দেশ্য। ডিএসই এবং জিআরআই প্রথমবারের মত চুক্তিতে আবদ্ধ হয় ২০শে মে, ২০১৮ সালে যার উদ্দেশ্য ছিল ইএসজিতে লিস্টেড কোম্পানিগুলোকে নির্দেশনা দেওয়ার মাধ্যমে প্রতিশ্রুতি ও সচেতনতা তৈরি।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//