
নিজস্ব প্রতিবেদক: শিল্প-কারখানায় প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রমজানে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় ঘাটতি সামাল দিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার থেকে আগামী ১৫ দিন অর্থাৎ ২৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৪ ঘণ্টা গ্যাস ব্যবহার না করার নির্দেশনা দেয়া হয়েছে। বিষয়টি গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় পেট্রোবাংলা।
সোমবার বিদ্যুৎ ভবনে আয়োজিত বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজানে বিদ্যুতের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গেছে। বিশেষ করে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। আগামী ১৫ দিন এ সময়টুকু শিল্প শ্রেণীর গ্রাহকদের গ্যাস ব্যবহার বন্ধ রাখতে পারলে ভালো হয়।
প্রতিমন্ত্রী আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অব্যাহত উন্নয়নের ফলে বিদ্যুৎ ও গ্যাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে সুষম উন্নয়নে সম্মিলিতভাবে এ চাহিদা মোকাবেলা করা এখন সময়ের দাবি।
এর আগে, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ বাড়ানোর কথা বলে সিএনজি ফিলিং স্টেশনগুলোয় প্রতিদিন ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পেট্রোবাংলার পক্ষ থেকে গত ১ মার্চ প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন এ সময় বন্ধ রাখার সিদ্ধান্ত এখনো কার্যকর রয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//