Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 13 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পুঁজিবাজারের ব্যাপ্তি বাড়ানো ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ‘রোড শোআয়োজন করতে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আগামী ১৬ থেকে ২৩ জুন সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মাম শহরে এ রোড শো অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বাংলাদেশের পুঁজিবাজারসহ বিভিন্ন খাতে বিদেশি ও প্রবাসীদের বিনিয়োগ টানতে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে গত ৯ মার্চ ও আবুধাবিতে ১০ মার্চ ‘ইনভেস্টমেন্ট ফ্ল্যাশ মব: নেটওয়ার্কিং ডিনার হয়। আগামী ১৮ ও ১৯ মে কাতারের রাজধানী দোহায় রোড শো হবে।

এরআগে প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতে, দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রে, তৃতীয় দফায় সুইজারল্যান্ড ও চতুর্থ দফায় যুক্তরাজ্যে সফলতার সঙ্গে রোড শো করেছে বিএসইসি। আর পঞ্চম দফায় কাতারে রোড করার প্রস্তুতি নিয়েছে কমিশন। আর এরপরই সৌদি আরব, সিঙ্গাপুর, জার্মানি, কানাডা, রাশিয়া, ইতালি, হংকং, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে রোড শো আয়োজন করার পরিকল্পনা নিয়েছে বিএসইসি।

জানা গেছে, সৌদি আরবের রোড শোতে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারী এবং স্টেকহোল্ডাররা অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত অতিথিরা বিভিন্ন সেক্টর নিয়ে বক্তব্য রাখবেন। সেখানে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ-সুবিধা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারের বিনিয়োগবান্ধব নীতি, শেয়ারবাজার ও সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং এফডিআইর বিষয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা অতিথিদের সামনে তুলে ধরা হবে।

এছাড়া, দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরা হবে। বিশেষ করে, প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীরা কিভাবে শেয়ারবাজারে সরাসরি বিনিয়োগ করবেন তার কৌশল ও সার্বিক নিরাপত্তার বিষয় তুলে ধরা হবে। দেশের শেয়ারবাজারে বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে চিহ্নিত করার জন্য বিভিন্ন দেশ ও শহরগুলোতে ধারাবাহিকভাবে রোড শো করার পরিকল্পনা করেছে বিএসইসি।

এবার সৌদি আরবের রোড শোতে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে অংশ নেবেন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), সৌদি আরবে বাংলাদেশের হাইকমিশনার, বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধি, শেয়ারবাজার সংশ্লিষ্টসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রোড শোতে উপস্থিত থাকবেন।

বিনিয়োগবার্তা/শামীম//