
বিনিয়োগবার্তা ডেস্ক: পশ্চিমা দেশগুলো ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে মস্কোর সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপ করলেও এশিয়ার শক্তিধর দেশ চীনের সঙ্গে জমে ওঠেছে রাশিয়ার ব্যবসা। গত মাসে রাশিয়ার সঙ্গে চীনের ব্যবসাকেন্দ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ।
যুদ্ধের শুরু থেকেই পশ্চিমাদের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে আসছিল চীন। দেশটি সাফ জানিয়ে দিয়েছে রাশিয়ার সঙ্গে তারা তাদের ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে। এরই পরিপ্রেক্ষিতে চলতি বছর মার্চ মাসে চীন-রাশিয়ার মধ্যে আমদানি-রফতানির মোট পরিমাণ ছিল ১১ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। গত বছরের তুলনায় প্রবৃদ্ধির হার ৩০ দশমিক ৪৫ শতাংশ।
বুধবার (১৩ এপ্রিল) চীনের কাস্টমস উপাত্ত থেকে এসব তথ্য উঠে আসে।
রাশিয়া মূলত চীনে তেল, গ্যাস, কয়লা ও কৃষিপণ্য রফতানির পরিমাণ বাড়িয়েছে। পশ্চিমা বিশ্বে রফতানি সম্পূর্ণ বন্ধ থাকায় স্বভাবতই চীনে রফতানির হার বেড়েছে রেকর্ড পরিমাণে।
রাশিয়ায় ইউক্রেন আক্রমণের সপ্তাহখানেক আগে চীন ও রাশিয়া তাদের মধ্যকার 'নো লিমিট' কৌশলগত বাণিজ্য সম্পর্কের ঘোষণা দেন। এর আগে গত বছরে চীন-রাশিয়া মোট ১৪৬ দশমিক ৯ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল। রাশিয়ার ইউক্রেন আক্রমণকে দখলদারত্ব তকমা দিতে চীন সবসময়ই অস্বীকার করে এসেছে।
বিনিয়োগবার্তা/এসএল//