Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 19 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করার জন্য জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করে। 
 
একাদশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠকে এই সুপারিশ করা হয়।

মঙ্গলবার কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, অসীম কুমার উকিল, এবং সুবর্ণা মুস্তাফা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বিগত ২৪তম সভার কার্যবিবরণী অনুমোদন ও সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত জিঞ্জিরা প্রাসাদ ও নওগাঁ সদরে অবস্থিত দুবলহাটি রাজবাড়ির বর্তমান অবস্থা ভিডিও চিত্রসহ তথ্যসমৃদ্ধ একটি প্রতিবেদন পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন ও রাষ্ট্রের তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণের বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
    
বৈঠকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত শিল্পীদের থাকার সুবিধার্থে একটি আধুনিক ডরমেটরি ভবন নির্মাণের লক্ষ্যে শিল্পকলা একাডেমির অনুকূলে জায়গা প্রাপ্তি সাপেক্ষে বরাদ্দ প্রদানের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে দেশের সকল উপজেলায় ভূমি প্রাপ্তি সাপেক্ষে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকগণ, মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//