Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 21 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৃহস্পতিবার তার সংসদ ভবনের কার্যালয়ে মালয়েশিয়ার এমপি ও গভর্নমেন্টস ব্যাকবেঞ্চার্স ক্লাবের চেয়ারম্যান দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

সাক্ষাৎকালে তারা মালয়েশিয়া-বাংলাদেশের সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্রের চর্চা, বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের দক্ষ জনশক্তি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা উপভোগ করছে কেননা, বর্তমানে দেশে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি। মালয়েশিয়াসহ আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি দক্ষতার স্বাক্ষর রেখেছে। মালয়েশিয়ার পরিবেশ, খাদ্যাভ্যাস, ভ্রাতৃত্ববোধ ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সঙ্গে অনেক সাদৃশ্য রয়েছে। 

এ সময় মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে আরো অধিক পরিমাণ জনশক্তি রফতানির আশা প্রকাশ করেন স্পিকার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে নারীদের জন্য সংসদে সংরক্ষিত আসনের বিষয়টি সাংবিধানিকভাবে নিশ্চিত করেছিলেন উল্লেখ করে স্পিকার বলেন, বর্তমান সংসদে ৫০জন সংরক্ষিত নারী সংসদ সদস্য ছাড়াও ২৩জন নারী সংসদ সদস্য সরাসরি নির্বাচিত।

বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে দাতো স্রি তাজউদ্দিন আব্দুল রহমান বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম, মালয়েশিয়ান হাইকমিশনের কাউন্সেলর আমির ফরিদ আবু হাসান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিনিয়োগবার্তা/এসএল//