Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 22 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পোশাক শিল্পের স্বার্থে ১৫ দিনের জন্য শিল্প ইউনিটে প্রতিদিন ৪ ঘণ্টা গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি পোশাক শিল্পে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদকে অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি। এ সময় বিজিএমইএর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ, পেট্রোবাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম বেঞ্জামিন রিয়াজি উপস্থিত ছিলেন।

বৈঠকে ফারুক হাসান পোশাক ও টেক্সটাইলসহ রপ্তানিমুখী শিল্পে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার অনুরোধ জানান, যাতে করে কারখানাগুলো পূর্ণ সক্ষমতা ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারে।

ফারুক হাসান বলেন, কোভিড-১৯ সংকটের মধ্যেও বাংলাদেশি পোশাক প্রস্তুতকারদের শিল্পের সক্ষমতা ধরে ও সময়মত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার কারণে বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের প্রতি আরও আস্থাশীল হয়েছে, ফলস্বরূপ বাংলাদেশ ক্রমবর্ধমান সংখ্যক ক্রয়াদেশ পাচ্ছে।

তিনি বলেন, পোশাক শিল্প, বিশেষ করে মোট রপ্তানি আয়ে ৮২ শতাংশের অধিক অবদান রাখে এবং লাখো মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ পোশাক শিল্পকে আগামী দিনে তার প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করবে।

বিনিয়োগবার্তা/এসএল//