
বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেইনের ভবন ও বিভিন্ন স্থাপনাসহ মোট অবকাঠামোর ক্ষতির পরিমাণ প্রায় ৬ হাজার কোটি ডলার পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। খবর রয়টার্স।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা নিরূপণে প্রাথমিক যে ক্ষয়ক্ষতির হিসাব করা হয়েছে, তা আরো বাড়বে। কারণ দেশটিতে এখনো যুদ্ধ চলছে, তাই এসব ক্ষতিও বাড়ছে।
সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি আরো বড় পরিসরের ক্ষতি ও আর্থিক চাহিদার কথা তুলে ধরেন। তিনি বলেন, রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে তার দেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা পূরণে মাসে ৭০০ কোটি ডলার দরকার। পরে এ ধ্বংসাবশেষ পুনর্গঠনে ‘শত শত কোটি ডলার’ প্রয়োজন হবে। এ সময় জেলেনস্কি রাশিয়াকে তাৎক্ষণিকভাবে বিশ্ব ব্যাংক ও আইএমএফসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে বিচ্ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে সব দেশের অবশ্যই ‘দ্রুত পদক্ষেপ’ নিতে হবে।
যেসব দেশ রাশিয়ার অর্থ জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে, সেসব দেশের প্রতি জেলেনস্কির আহ্বান, ওই অর্থ তারা যেন ইউক্রেনের পুনর্গঠন এবং অন্য যেসব দেশ এ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সহায়তার জন্য খরচ করে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার পার্শ্ব কর্মসূচি হিসেবে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিনিয়োগবার্তা/এসএল//