
বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়ার আলফা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আমস্টারডাম ট্রেড ব্যাংককে (এটিবি) দেউলিয়া ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) আমস্টারডাম জেলা আদালতের রায়ের বরাত দিয়ে ডাচ কেন্দ্রীয় ব্যাংক (ডিএনবি) এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, নেদারল্যান্ডসের আমানত গ্যারান্টি সিস্টেমের অধীন এটিবি আমানতকারীদের প্রত্যেকে ১ লাখ ইউরো বা ১ লাখ ৮ হাজার ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।
ডিএনবি তথ্য বলছে, দেউলিয়া হওয়া ব্যাংকটির প্রায় ২৩ হাজার গ্রাহক ছিলেন। এর মধ্যে বেশির ভাগই ডাচ নাগরিক হলেও ৬ হাজার জন জার্মান গ্রাহক ছিলেন।
ডাচ চেম্বার অব কমার্সের তথ্য বলছে, রুশ-ইসরাইলি বিলিয়নিয়ার মিখাইল ফ্রিডম্যান ব্যাংকটির চূড়ান্ত সুবিধাভোগী মালিক। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর তিনি পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়েন। এটিবিতে ফ্রিডম্যানের অংশীদারিত্বের পরিমাণ ২৫ শতাংশ বেশি। তবে তা ৫০ শতাংশের কম।
আলফা ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার শিকার হলেও ইউরোপীয় ইউনিয়ন ব্যাংকটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি।
এদিকে হেট ফিন্যান্সিয়াল ডাখব্লাদ (এফডি) জানিয়েছে, এটিবি ওপর আলাদা করে কোনো নিষেধাজ্ঞা আরোপ না করা হলেও আমানতকারীরা বৃহস্পতিবার (২১ এপ্রিল) আতঙ্কিত হতে শুরু করে।
দেউলিয়া হওয়ার বিষয়টি নিশ্চিত করে এটিবি তাদের ওয়েবসাইটে একটি বিবৃতিতে জানায়, মার্কিন ও ব্রিটিশ নিষেধাজ্ঞাগুলো পরিচালনাগত অসুবিধা সৃষ্টি করেছে। কারণ, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষে এটিবিকে সমর্থন করা কঠিন হয়ে উঠেছে।
এর আগে এফডি সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এটিবির মালিকরা ব্যাংকটি বিক্রি করতে চাইছে। সেই সঙ্গে অন্যান্য ইউরোপীয় ব্যাংকগুলো এটিবির সঙ্গে কোনো ব্যাংকিং লেনদেন করতে অনিচ্ছা প্রকাশ করে।
ব্যাংকটির ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন অনুসারে, চেম্বার অব কমার্সের সবশেষ তথ্য মোতাবেক, এটিবির প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ইউরোর সম্পদ এবং ১৭৪ মিলিয়ন ইউরোর ইকুইটি ছিল। সে বছর ব্যাংকটি ২৭ মিলিয়ন ইউরো মুনাফা করেছিল।
বিনিয়োগবার্তা/এসএল//