
নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়ন তরান্বিত করার সুপারিশ করেছে এ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র একাদশ বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আ.ফ.ম রুহুল হক এর সভাপতিত্বে কমিটি সদস্য, মোঃ শফিকুল আজম খান, মোঃ মোজাফফর হোসেন, শিরীন আহমেদ, মোঃ হাবিবে মিল্লাত, মোঃ আক্তারুজ্জামান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পসহ বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র নির্মণ কাজ, সৈকত বালি আহোরণ কেন্দ্র, রেডিও এ্যকটিভিটি টেস্টিং এ- মনিটরিং ল্যাব, বিসিএসআইআরএর অন্তর্ভূক্ত বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্র, চামড়া গবেষণা ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জির কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়।
বৈঠকে রেডিও এ্যাকটিভিটি টেস্টিং এ- মনিটরিং ল্যাব, মংলা এর কার্যক্রম ত্বরান্বিত করতে প্রয়োজনীয় জনবল নিয়োগসহ অবকাঠামগত অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
এছাড়াও ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালাজি এর মাইনিং কার্যক্রমের পরিসীমা বৃদ্ধির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//