
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের ঈদযাত্রা সহজ করতে বিআরটিকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সোমবার ঢাকায় বিআরটি এর ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম এর সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান তিনি। বৈঠকে বিআরটি কর্তৃপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, ঈদের ছুটিতে গাজীপুর ও আশেপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিক ভাইবোন আত্মীয় স্বজনের সঙ্গে মিলিত হতে নিজ নিজ গ্রামের বাড়িতে যাবেন। তাদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
ঈদের ছুটিকালীন সময়ে পরিবহন ব্যবস্থা সবার জন্য সহজ ও ঝামেলামুক্ত রাখতে পোশাক শ্রমিকরা যাতে মহাসড়ক ও সড়কগুলোতে সুশৃঙ্খলভাবে চলাচল করে, সে ব্যাপারে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে বিআরটি কর্তৃপক্ষকে সহযোগিতা প্রদানে আশ্বাস দেন তিনি।
তিনি মহাসড়কটিকে অবৈধ দখল থেকে মুক্ত রাখতে বিশেষ করে নির্মাণ সামগ্রী, অস্থায়ী দোকানপাট এবং বাজার যেগুলো কিনা থেকে মহসড়ককে সংকুচিত করে যানযটের সৃষ্টি করে, সেসব থেকে মহাসড়কটিকে মুক্ত রাখার জন্য সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিআরটি এর সহযোগিতাও কামনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ঢাকা-গাজীপুর মহাসড়কে যানযট নিরসনে এবং এ মহাসড়কে মানুষ যাতে দ্রুত, দক্ষ ও আরামদায়ক পরিবহন সুবিধা পেতে পারে, তার জন্য বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি যত দ্রুত সম্ভব সম্পন্ন করার জন্য বিআরটি কর্তৃপক্ষকে অনুরোধ জানান।
বিনিয়োগবার্তা/এসএল//