
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদেরকে বাজারমুখী কারিগরি শিক্ষা অর্জনের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) পবিত্র রমজান মাস উপলক্ষে মারকাযুল ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ইফতারের খাবার বিতরণ করেছে বিজিএমইএ।
এ সময় শিক্ষার্থীদের জন্য ধর্মীয় বইসহ শিক্ষা উপকরণ এবং ৩০টি সিলিং ফ্যানও প্রদান করা হয়।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ঢাকার উত্তরায় মারকাযুল ফিকহিল ইসলামী এর প্রধান, মাওলানা মাহফুজুর রহমানের কাছে শিক্ষা উপকরণগুলো ও সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।
তিনি কারিগরী শিক্ষার গুরুত্ব তুলে ধরে কর্মক্ষেত্রের বাস্তব পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য শিক্ষার্থীদেরকে বাজারমুখী দক্ষতা অর্জনের আহবান জানান।
তিনি বলেন, বর্তমান বিশ্বের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা গ্রহন করলে তা তাদেরকে উপযুক্ত চাকুরি পাওয়ার মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সহায়তা করবে।
তিনি কারিগরি শিক্ষা গ্রহনে শিক্ষার্থীদেরকে বিজিএমইএ এর পক্ষ থেকে সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।
ফারুক হাসান পবিত্র রমজান মাসে মানবতার সেবায় এগিয়ে আসা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন জোরালো করার উপর জোর দেন।
তিনি আরও বলেন, এমন উদ্যোগ গ্রহন করা প্রয়োজন, যার কারনে সমাজ উপকৃত হয় এবং সমাজের সবার মাঝে আনন্দ ও সহযোগিতার মনোভাব সৃষ্টি হয়।
বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//