Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 28 Apr 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শেষ কর্মদিবস। শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা ছয়দিনের ছুটি। শেষ কর্মদিবসে সচিবালয় প্রায় স্বাভাবিক। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের মতোই।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা গেছে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি প্রায় স্বাভাবিক।

বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী ছুটি শেষে আগামী ৫ মে অফিসে উপস্থিত থাকবেন। যাদের আগে থেকে ঐচ্ছিক ছুটির আবেদন করা আছে, তারা ৫ মে ছুটি কাটাবেন। তবে এমন কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা দুই-চারজনের বেশি নয়।

গত সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়নি, তাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। বেলা আড়াইটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। এছাড়া তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সমসাময়িক বিষয়ে দুপুরে তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ের পরপরই নেদারল্যান্ডসে ছয় মাসব্যাপী আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ নিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকও সংবাদ সম্মেলন করছেন।

আগামী ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) হচ্ছে মে দিবসের ছুটি। এরপর ৩ মে (রমজান মাস ৩০ দিন ধরে) ঈদ ধরে ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি ধরেছে সরকার। সেই হিসেবে আগামী ৫ মে অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

৫ মে কেউ ছুটি নিলে তিনি টানা ৯ দিনের ছুটি পেয়ে যাবেন। তাই সরকার ৫ মে (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করে এ সুবিধাটা দেবে কিনা- সেই বিষয়টি আলোচিত হচ্ছিল। কিন্তু ৫ মে ছুটি দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আগামী ৫ মে ছুটি থাকছে না জানিয়ে এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছিলেন, ‘৫ মে ছুটি নিলে টানা অনেক দিনের ছুটি হচ্ছে, ওভাবেই পড়েছে আর কী। কর্মচারীদের অপশনাল ছুটির একটা বিষয় আছে। যারা বৃহস্পতিবার ছুটি নেবে, তারা ধারাবাহিকভাবে ছুটিটা ভোগ করতে পারবে। যিনি ছুটি নেবেন না, তাকে তো ওইদিন অফিস করতে হবে।’

তিনি আরও বলেছিলেন, ‘কেউ যদি ওইদিন ছুটি না নিয়ে অফিসে অনুপস্থিত থাকে তবে আগে-পিছনের সব ছুটি তার ছুটি থেকে কাটা যাবে।’

বিনিয়োগবার্তা/ডিএফই//