Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 01 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

চট্টগ্রাম প্রতিনিধি: চলতি মাসের শুরুতে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করেছিল বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস। এ রুটের এটিই ছিল তাদের প্রথম সরাসরি ফ্লাইট। কিন্তু চালুর দু’দিনের মধ্যেই ফ্লাইটটির চলাচল বন্ধ করে দেয় নেপাল ও চীনের যৌথ মালিকানাধীন এ বিমান সংস্থা। এর কারণ হিসেবে যাত্রী সংকটের কথা উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা। 

তবে আশার খবর হচ্ছে- আগামী ১৪ মে থেকে এ রুটে ফের ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বিমান সংস্থাটির পরিচালনা কর্তৃপক্ষ।

জানা যায়, গত মার্চ মাসে হিমালয়া এয়ারলাইনসের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম সফর করেন। সে সময় তারা চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেন। এরপর যাবতীয় প্রস্তুতি শেষে গত ৭ এপ্রিল থেকে সপ্তাহে দু’দিন এ রুটে তাদের ফ্লাইট পরিচালনা কার্যক্রম শুরু হয়।

বেশ প্রস্তুতি নিয়ে শুরু হলেও ফ্লাইট চালুর প্রথম দিনই চট্টগ্রাম থেকে কোনো যাত্রী পাওয়া যায়নি। শেষে ঢাকা থেকে আসা মাত্র ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছাড়ে ১৮০ সিটের এয়ারবাসটি। মূলত ওই ফ্লাইটের পর থেকেই এ রুটে ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় হিমালয়া এয়ারলাইনস।

ফ্লাইট বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, গত ৭ এপ্রিল চট্টগ্রাম থেকে সরাসরি নেপালে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল বেসরকারি বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস। সপ্তাহে দু’দিন এ রুটে ফ্লাইট পরিচালনার কথা ছিল তাদের। তবে আপাতত ফ্লাইট বন্ধ রেখেছে তারা।

এ বিষয়ে বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনসের বাংলাদেশের সেলস এজেন্ট সাইর এয়ার বিডির পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিবাসী শ্রমিক ও পর্যটন; দুটো বিষয় মাথায় রেখে চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করা হয়। তাছাড়া নেপালের ভ্রমণ পিয়াসী মানুষদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সৌন্দর্য দেখাতেও উদ্যোগ নেয়া হয়। ফলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আশানুরূপ যাত্রী না হওয়ায় তা আপাতত বন্ধ রাখা হয়েছে।

যাত্রী সংকটের কারণ হিসেবে তিনি বলেন, প্রথমত করোনাকাল, দ্বিতীয় রমজান ও ঈদ; সব মিলিয়ে পর্যটকও কমে গেছে। রমজান ও ঈদের কারণে অন্যান্য যাত্রীর চাপ নেই বললেই চলে। তাই পরীক্ষামূলক প্রথম ফ্লাইট পরিচালনার পর আপাতত এ রুটের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ঈদের পর যাত্রীদের চাহিদা বাড়বে বলে আশা করছি। বিশেষ করে শ্রমিকদের চাহিদা বাড়লে আগামী ১৪ মে থেকে পুনরায় কার্যক্রম শুরু করা হবে। ওই সময় বিভিন্ন বিষয় বিবেচনায় ফ্লাইট শিডিউল পরিবর্তনও হতে পারে।

হিমালয়া এয়ারলাইনসের তথ্য বলছে, ২০১৯ সালে প্রথম ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে মহামারি করোনার কারণে তা দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে পড়ে।  পরে ২০২১ সালের নভেম্বরে পুনরায় ঢাকা থেকে ফ্লাইট পরিচালনা শুরু হয়। ওই রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এদিকে, চট্টগ্রাম-কাঠমান্ডু-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালুর ফলে সরাসরি যাওয়া-আসার সুযোগ সৃষ্টি হলেও যাত্রী সংকটের কারণে তা বন্ধ রেখেছে বিমান সংস্থা হিমালয়া এয়ারলাইনস। তবে এভিয়েশন খাতের সংশ্লিষ্টদের মতে- এ রুটে রয়েছে পর্যাপ্ত যাত্রী। শুধুমাত্র প্রচার-প্রচারণা ও আনুষ্ঠানিকতা না থাকায় যাত্রী পাচ্ছে না বিমান সংস্থাটি।

তাদের মতে, ভ্রমণ পিপাসু অনেকেই এখনো চট্টগ্রাম থেকে কাঠমান্ডু সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি জানেন না। তাই এ বিষয়ে সংস্থাটির আরো বেশি জোর দেয়া উচিত বলে মনে করছেন তারা।

এ প্রসঙ্গে তাদের বাংলাদেশের সেলস এজেন্ট সাইর এয়ার বিডির পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শুরু থেকেই আমরা ট্রাভেল এজেন্সিগুলোকে অবগত করেছিলাম। তবুও এ সময়ে আরো বড় ধরনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। যাত্রীদের পছন্দের শীর্ষে থাকবে হিমালয়া এয়ার- এ ব্যাপারে আমরা আশাবাদী। তাছাড়া ঈদের পরপরই এ রুটে যাত্রী বাড়বে বলেও আশা করছি।

বিনিয়োগবার্তা/এসএল//