
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটের পর্যটন এলাকা জাফলংয়ে পর্যটকদের ওপর হামলা চালিয়েছে উপজেলা প্রশাসনের নিযুক্ত স্বেচ্ছাসেবকরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের টোল কাউন্টার থেকে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের ওপর অতর্কিত হামলা চালান তারা। ঘটনায় সময়কার বেশকিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, গোয়াইঘাটের পন্নগ্রামের লক্ষ্মণ চন্দ্র দাস (২১) ও ইসলামপুর গ্রামের মো. সেলিম আহমেদ (২১)। অন্য তিনজনের সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
২০২১ সাল থেকে পর্যটন কেন্দ্রে সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জাফলংয়ে প্রবেশের জন্য ১০ টাকা করে প্রবেশ ফি বাধ্যতামূলক করা হয়। এর আগে কখনো পর্যটকদের টিকিট কেটে প্রবেশ করতে হতো না। ফলে পর্যটকরা জাফলং ভ্রমণে এসে টিকিটের ব্যবস্থা দেখে বিভ্রান্তিতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সঙ্গে কাউন্টারের লোকদের বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শিশু, নারী ও পুরুষসহ কমপক্ষে ছয় পর্যটকের ওপর হামলা চালান কয়েকজন স্বেচ্ছাসেবক। পরে স্থানীয় ও অন্যান্য পর্যটকরা এগিয়ে এসে হামলাকারীদের সরিয়ে দিয়ে পরিবারটিকে উদ্ধার করেন।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা তিন জন হাতে লাঠি নিয়ে একদল পর্যটককে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় ওই দলে থাকা কিছু নারী পর্যটক তাদেরকে থামাতে গিয়ে লাঞ্ছিত হন।।
জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ বলেন, জাফলং পানিতে পড়ে একজন পর্যটক নিখোঁজ হয়েছেন, এমন সংবাদে আমরা অন্যদিকে ব্যস্ত ছিলাম। এই সুযোগে পর্যটকদের ওপর হামলার ঘটনাটি ঘটেছে।
বিনিয়োগবার্তা/এমকে/সএএম//