
বিনিয়োগবার্তা ডেস্ক: কানাডায় টিকা উৎপাদন কারখানা নির্মাণ করতে যাচ্ছে মডার্না। যুক্তরাষ্ট্রের বাইরে কানাডার মন্ট্রিয়লে প্রথমবারের মতো কারখানা নির্মাণ করতে যাচ্ছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি। খবর: এপি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ২০২৪ সালের মধ্যেই কারখানাটি চালু হবে। সেখানে ৩০০ জন কর্মী নিয়োগ করা হবে এবং বছরে ১০ কোটি ডোজ এমআরএনএ টিকা তৈরি করতে সক্ষম হবে।
কুইবেকের প্রিমিয়ার ফ্রাঙ্কোয়েস লেগল্ট বলেন, ১৮ কোটি কানাডীয় ডলার (১৪ কোটি ৫ লাখ ডলার) ব্যয়ে কারখানাটি তৈরি করা হবে। এটি কুইবেককে দেশীয়ভাবে উৎপাদিত টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি কারখানাটি ভবিষ্যতের মহামারীর জন্য আমাদের আরো ভালোভাবে প্রস্তুত করবে।
মডার্নার চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা নওবার আফিয়ানের পরিবার লেবাননের গৃহযুদ্ধ থেকে পালিয়ে মন্ট্রিয়লে বসবাস শুরু করেন। আফিয়ান যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে যাওয়ার আগে সেখানে লয়োলা কলেজ এবং ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।
বিনিয়োগবার্তা/এসএএম//