
বিনিয়োগবার্তা ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোয় রিয়েল এস্টেট কেনার ক্ষেত্রে রুশ নাগরিকরা নিষিদ্ধ হতে পারেন। ইইউ নিজেদের ভূখণ্ডে সম্পত্তি লেনদেন বন্ধ করার পরিকল্পনা করছে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত আন্তর্জাতিক টেলিভিশন নেটওয়ার্ক আরটি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) সরকারি নথির বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, ইউরোপীয় কমিশন (ইসি) রাশিয়ান নাগরিক, বাসিন্দা এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পত্তি লেনদেন বন্ধ করার প্রস্তাব দিয়েছে। এটি ইউরোপীয় ইউনিয়নের রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের অংশ।
এটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইউনিয়নের অঞ্চলের মধ্যে অবস্থিত স্থাবর সম্পত্তির মালিকানা অধিকার বা এ ধরনের স্থাবর সম্পত্তির এক্সপোজার প্রদানকারী যৌথ বিনিয়োগ উদ্যোগে ইউনিটের বিক্রয় বা হস্তান্তর নিষিদ্ধ করবে।
প্রতিবেদনে বলা হয়, এ নিষেধাজ্ঞাটি সেসব রাশিয়ানের ক্ষেত্রে প্রযোজ্য যারা ইইউর নাগরিক নন এবং যাদের ইইউ সদস্য দেশগুলোয় বসবাসের অনুমতি নেই। যারা ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বা সুইজারল্যান্ডে নাগরিকত্ব বা বসবাস করেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের জন্য ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য কয়েকটি দেশ মস্কোর ওপর কয়েক দফা নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ দেশগুলোয় বসবাসরত হাজার হাজার রাশিয়ান ব্যক্তির ওপর তখন থেকে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পত্তি এবং অর্থ জব্দ বা হিমায়িত করা হয়েছে।
বিনিয়োগবার্তা/এসএল//