Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 08 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, মা ছোট্ট একটি শব্দ, অথচ কী বিশাল তার দায়িত্ব। সুশিক্ষিত, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সন্তানরাই দেশের রত্ন। তবে তাদের জন্ম দিয়ে যিনি লালন-পালন করে গড়ে তোলেন প্রকৃত অর্থে তিনিই রত্নগর্ভা মা। বাংলাদেশ স্বাধীন করতে কত রত্নগর্ভা মা তাদের সন্তান হারিয়েছেন সে সংখ্যা সত্যিই অজানা।

রোববার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ. চৌধুরী সেন্টারে আজাদ প্রোডাক্টস কর্তৃক আয়োজিত বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, রত্নগর্ভা মায়ের সন্তানরাই পারে সমৃদ্ধ দেশ, উন্নত সমাজ ও মর্যাদাশীল জাতি গঠন করতে। সুশিক্ষিত সন্তান তৈরিতে একজন সচেতন মা-ই হচ্ছেন নিপুণ কারিগর।

তিনি আশা প্রকাশ করে বলেন, রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদানের মতো এ মহতী অনুষ্ঠান নিঃসন্দেহে দেশের সকল মায়েদের আরো সচেতন করবে। নিজ নিজ সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে অনুপ্রাণিত করবে। ফলে দেশ ও জাতি উপকৃত হবে এবং আগামী প্রজন্ম পাবে একটি উন্নত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।

এ সময় উপস্থিত ছিলেন- এমপি মমতাজ বেগম, বিশিষ্ট ব্যক্তিত্ব মুস্তফা মনোয়ার প্রমুখ।

অনুষ্ঠানে ২০২১ সালের জন্য আজাদ প্রোডাক্টস বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে বিশেষ শ্রেণিতে ১৩ জন ও সাধারণ শ্রেণিতে ২৫ জন রত্নগর্ভা মায়েদের সম্মাননা প্রদান করেছে।

বিনিয়োগবার্তা/এসএল//