Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Monday, 09 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের বিরুদ্ধে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থ আত্মসাৎ এবং প্রতারণামূলক আর্থিক প্রতিবেদন তৈরির অভিযোগ উঠেছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

আর তাই নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৯ মে) ঢাকা স্টক একচেঞ্জ ও নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও মো. রতন মিয়া।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ডিএসই সম্প্রতি কোম্পানিটির আইপিওয়ের টাকা ব্যবহার নিয়ে তদন্ত কমিটি গঠন করে। সে কমিটি আইপিওর টাকা আত্মসাতের প্রমাণ পায়। আইপিওর টাকা আত্মসাতের পাশাপাশি আর্থিক প্রতিবেদনে প্রতারণামূলক ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। আর্থিক প্রতিবেদনে বিক্রি করা মালামালের মিথ্যা, অসত্য, বানোয়াট তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসইর এমন তথ্যের ভিত্তিতে কমিশন দ্রুত তদন্তের সিদ্ধান্ত নেয়। কমিটিকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

২০১৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ১২২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার ১২ কোটি ২৬ লাখ ২৫ হাজার ৩০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০.৯৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.২৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.৭৯ শতাংশ শেয়ার আছে। সোমবার (৯ মে) নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ৭.১০ টাকায়।

বিনিয়োগবার্তা/এসএএম//