
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ-সুবিধার সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
উল্লেখ্য, জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠান শেভরনের ভাইস প্রেসিডেন্ট জে প্রায়রের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ব্যবসায়ী পরিষদের ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার চারদিনের সফরে ঢাকায় আসেন।
মার্কিন ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। কারণ তাদের বাংলাদেশ নিয়ে আগ্রহ রয়েছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ সবচেয়ে বেশি। তবে বিনিয়োগের ৯০ শতাংশই জ্বালানি খাতে। মালয়েশিয়ায় মার্কিন বিনিয়োগ বাংলাদেশের থেকে বেশি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ উন্নতি করছে। বাংলাদেশে সুযোগ ও সম্ভাবনা রয়েছে। বিশ্বে মার্কিন বার্ষিক বিনিয়োগ প্রায় ট্রিলিয়ন ডলার। আর এর খুব সামান্যই বাংলাদেশে আসে। ওষুধ শিল্প, তথ্য ও প্রযুক্তি, সুনীল অর্থনীতিসহ বাংলাদেশের অনেক খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে মার্কিন বিনিয়োগ শুধু জ্বালানি খাতে। তবে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে আরো বিনিয়োগ দরকার রয়েছে বলে জানান তিনি।
ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় রাশিয়া-ইউক্রেন সংকট ঘিরে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের সংকট নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তারা জ্বালানি নিরাপত্তার কথা তুলেছেন। জ্বালানি ইস্যু নিয়ে তারা উদ্বিগ্ন। এটা হলে ভালো। তাহলে জ্বালানি খাতে আমরা অন্য সুযোগগুলোকে কাজে লাগাতে পারব। আমরা তাদের নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তার কথা বলেছি। এ খাতে প্রযুক্তি ও অর্থায়নে তাদের সহযোগিতা চেয়েছি।
বিনিয়োগবার্তা/ডিএফই//