Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 11 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৫ হাজার ৮২৫ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৯৬৩ কোটি ৩৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ২২০ কোটি ৪৬ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন ৬৪১ কোটি ৯০ লাখ টাকা।

গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে সভায় যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

সভায় নতুন সড়ক তৈরির পরিবর্তে বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণে জোর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। একনেক সভায় সড়ক প্রশস্তকরণে দুটি প্রকল্প পাস হয়। সে সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, এটা সবার স্বীকৃত, প্রধানমন্ত্রীও বলেছেন, সড়কের ঘনত্ব বিশ্বের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটার আয়তনের অনুপাতে কতটুকু সড়ক আছে তা বাংলাদেশে বেশি। এজন্য প্রধানমন্ত্রী বলেছেন, আর নতুন সড়ক বানানোর দিকে নজর না দিয়ে বিদ্যমান যে সড়ক রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে হবে। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আমরা প্রচুর রোড করেছি, এখন মূল লক্ষ্য হওয়া উচিত বিল্ডিংয়ের চেয়ে মেইনটেইনিং। যে সড়কগুলো আমরা বানিয়েছি, সেগুলোর সুরক্ষা দিতে হবে, শক্তিশালী করতে হবে, আপগ্রেডিং করতে হবে, প্রশস্ত করতে হবে। নতুন নতুন সড়ক না বানিয়ে সড়কগুলোকে চালু রাখেন, ভালো করে রিপেয়ার করেন। আপাতত নতুন সড়ক নির্মাণের পরিকল্পনায় ব্রেক দেন।

এ সময় প্রধানমন্ত্রী আইটি সেক্টরকে আরো সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, আইটি সম্পর্কে আরো বেশি সাধারণ মানুষকে সচেতন ও প্রশিক্ষিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। এ খাতে ভালো একটা সম্ভাবনা রয়েছে। তরুণ বয়সের ছেলে-মেয়েরা এখান থেকে প্রচুর আয় করছে। এ আইটি খাত আরো বেশি সম্প্রসারণের কথা বলেছেন তিনি।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো - বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প যথাক্রমে ‘বাপবিবোর বিদ্যমান ৩৩/১১ কেভি পোল মাউন্টেড উপকেন্দ্রের নবায়ন ও আধুনিকায়ন (পর্যায়-১)’ প্রকল্প; ‘নেসকো এলাকায় স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম বাস্তবায়ন’ প্রকল্প এবং ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প; 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (প্রথম সংশোধিত)’ প্রকল্প এবং ‘শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর প্রতিষ্ঠাকরণ’ প্রকল্প; 
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ‘মিঠামইন উপজেলার ঘোড়াউতরা, বোলাই-শ্রীগাং নদীর অংশবিশেষ ও ইটনা উপজেলার ধনু নদী, নামাকুড়া নদী এবং অষ্টগ্রাম উপজেলার ধলেশ্বরী নদীর অংশবিশেষের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্প; 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগার (প্রথম পর্যায়ে ৪০টি) নির্মাণ’ প্রকল্প; 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি (স্থলবন্দর)-ডুগডুগি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক (এন-৫২১) যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু/জরাজীর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ’ প্রকল্প এবং ‘শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন’ প্রকল্প; 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার স্থাপন (১৪টি)’ প্রকল্প এবং 

শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প’।

বিনিয়োগবার্তা/ডিএফই//