
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতের রফতানি আয় ৪১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এতে বিশ্ববাজারে বাংলাদেশের মার্কেট শেয়ার বেড়ে সাড়ে সাত শতাংশে দাঁড়াবে।
শনিবার (১৪ মে) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসময় বিজিএমইএ সভাপতি বলেন, বর্তমানে তৈরি পোশাক খাতের যে প্রবৃদ্ধি রয়েছে, তা অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ মার্কেট শেয়ার ১০ শতাংশে উন্নীত হবে।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে সম্ভাবনার বিপরীতে শঙ্কা ও বহুমাত্রিক চ্যালেঞ্জ যোগ হয়েছে। কাঁচামাল সংকট, তেল গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, কন্টেইনার ও জাহাজ ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি ইত্যাদি কারণে আমাদের উদ্যোক্তারা ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় ও সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।
সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে একদিকে যেমন জ্বালানি তেলসহ খাদ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ইউরোপসহ বিশ্বের বেশকিছু দেশে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। এর পাশাপাশি সমগ্র বিশ্বে মূল্যস্ফীতি ভয়াবহভাবে বাড়ছে, যা আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও ক্রয়ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এটি দেশের পোশাক মালিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, বলেন ফারুক হাসান।
এ পরিস্থিতিতে পোশাক রফতানিতে বর্তমানে যেই প্রবৃদ্ধিটি দেখা যাচ্ছে, সেটির দিকে না তাকিয়ে থেকে বরং কীভাবে আমরা প্রতিযোগি সক্ষমতা বাড়াতে পারি, কীভাবে নতুন নতুন সুযোগ তৈরি করতে পারি সেটাই কৌশল হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এছাড়া বর্তমানে নন কটন পোশাকের চাহিদা দিন দিন বাড়ছে উল্লেখ করে বিজিএমইএ সভাপতি নন কটন পোশাক রফতানিতে বিশেষ প্রণোদনা চান।
অনুষ্ঠানে জানানো হয়, স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে তৈরি পোশাক খাতের অবদান আন্তর্জাতিক মহলে তুলে ধরতে চলতি বছরের ১২ নভেম্বর ‘মেইড ইন বাংলাদেশ উইক’ আয়োজন করতে যাচ্ছে বিজিএমইএ।
বিনিয়োগবার্তা/এসএল//