Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Sunday, 15 May 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে ৩৭তম ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশন বা আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ২০২২। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সহযোগিতায় এ কনভেনশনের আয়োজন করবে আইএএফ। একই সঙ্গে ১২-১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মেইড ইন বাংলাদেশ উইক’।

রাজধানীর একটি হোটেলে শনিবার (১৪ মে) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও আইএএফের মহাসচিব ম্যাথিয়াস ক্রিয়েটি। এ সময় তারা ৩৭তম আইএএফ ওয়ার্ল্ড ফ্যাশন কনভেনশন ও মেইড ইন বাংলাদেশ উইকের লোগোও উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএমইএর সহসভাপতি ফজলে শামীম এহসান।

তিন দিনব্যাপী আইএএফ কনভেনশনের প্রথম দিনে আইএএফের বোর্ডের সব পরিচালকের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হবে। কনভেনশনের অংশ হিসেবে দিনব্যাপী সম্মেলনও অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিজিএমইএ আয়োজিত ‘দ্য মেইড ইন বাংলাদেশ উইক’-এর লক্ষ্য হলো বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ইতিবাচক, চিত্তাকর্ষক আখ্যানগুলো, বিশেষ করে নিরাপদ কর্মপরিবেশ, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং শ্রমিকদের কল্যাণ প্রভৃতি ক্ষেত্রে শিল্প যে অনন্য অগ্রগতি অর্জন করেছে, সেগুলো উপস্থাপন করে স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পোশাক শিল্পকে তুলে ধরা।

বিজিএমইএর পরিচালক মো. মহিউদ্দিন রুবেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মিরান আলী ও রাকিবুল আলম চৌধুরী প্রমুখ।

বিনিয়োগবার্তা/এসএল//