Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 18 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: পদ্মা বহুমুখী সেতু ব্যবহারের টোল চূড়ান্ত করে গতকাল গেজেট প্রকাশ করেছে সরকারের সেতু বিভাগ। গেজেটে ১৩টি শ্রেণীর যানবাহনের জন্য টোল হার নির্ধারণ করা হয়েছে। আগামী মাসের শেষ নাগাদ পদ্মা সেতুর সড়কপথ চালুর কথা রয়েছে। গেজেটে বলা হয়েছে, পদ্মা সেতু যেদিন চালু হবে, সেদিন থেকেই এ টোল হার কার্যকর হবে।

সেতু বিভাগের উপসচিব আবুল হাসান স্বাক্ষরিত গেজেটে বলা হয়, পদ্মা সেতু পারাপারের জন্য মোটরসাইকেলের টোল নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কার ও জিপের টোল ৭৫০ টাকা। পিকআপের জন্য টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। মাইক্রোবাসের টোল ১ হাজার ৩০০ টাকা। বাসের জন্য আসনের ভিত্তিতে তিন ধরনের টোল নির্ধারণ করা হয়েছে। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১ হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২ হাজার টাকা এবং বড় বাসে (৩ এক্সেল) ২ হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

পণ্যবাহী যানবাহনের ওজন ও এক্সেলের ভিত্তিতে ছয়টি শ্রেণী নির্ধারণ করা হয়েছে। পাঁচ টনের ছোট ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা। আট টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ১০০ টাকা, ১১ টন পর্যন্ত মাঝারি ট্রাকে ২ হাজার ৮০০ টাকা আর তিন এক্সেলের ট্রাকের টোল নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫০০ টাকা। চার এক্সেলের ট্রেইলারের টোল ৬ হাজার টাকা। চার এক্সেলের বেশি হলে ট্রেইলারে ৬ হাজার টাকার সঙ্গে প্রতি এক্সেলে অতিরিক্ত ১ হাজার ৫০০ টাকা টোল দিতে হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ২০১৫ সালের জানুয়ারিতে। প্রথমে পিয়ার নির্মাণের জন্য পাইলিং, এরপর একে একে তৈরি হয় ৪২টি পিয়ার (খুঁটি)। ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর। ২০২০ সালের ১০ ডিসেম্বর সর্বশেষ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর পুরো কাঠামো দৃশ্যমান হয়। আর গত বছরের আগস্টে সম্পন্ন হয় সেতুর সড়কপথ তৈরির কাজ। এখন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পে খরচ হচ্ছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী জুনের শেষ দিকে, প্রধানমন্ত্রী যেদিন তারিখ দেবেন, সেদিন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বিনিয়োগবার্তা/ডিএফই//