Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 24 May 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: স্মারক স্বর্ণমুদ্রার দাম বাড়ল। প্রতিটি মুদ্রার দাম ৪ হাজার টাকা করে বাড়িয়ে ৭২ হাজার টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে সোনার দাম বাড়ার কারণে এ দাম বাড়া‌নো হ‌য়ে‌ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

‌মঙ্গলবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জা‌নি‌য়ে‌ছে। নতুন এ দাম আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের মুদ্রিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০’, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০’ এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ১৯৭১-২০২১’ শীর্ষক স্মারক স্বর্ণমুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের স্বর্ণে তৈরি ও প্রতিটির ওজন ১০ গ্রাম। স্মারক স্বর্ণমুদ্রাগুলো (বাক্সসহ) প্রতিটির ৭২ হাজার টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে। এতদিন এ স্মারক স্বর্ণমুদ্রা ৬৮ হাজার টাকায় বিক্রি হতো।

এর আগে, গত ২১ মে দেশের বাজারে ভালো মানের সোনা ভরিতে চার হাজার ১৯৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দাম বাড়ার কারণে ২২ মে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়ছে ৮২ হাজার ৪৬৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দামও ৪ হাজার ২৪ টাকা বা‌ড়ি‌য়ে ৭৮ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বে‌ড়ে‌ছে তিন হাজার ৫০০ টাকা; এখন বিক্রি হচ্ছে ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ২৮৫৭ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয় ৫৬ হাজার ২২০ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বিনিয়োগবার্তা/এসএল//