
রাজশাহী প্রতিনিধি: ঋণ আদায় ক্যাম্প আয়োজন করে ১৫৬ কোটি টাকা ঋণ আদায় করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। ২৪ ও ২৫ মে দুদিন ব্যাংকের ৩৮৩ শাখায় একযোগে এ ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাকাবের জনসংযোগ কর্মকর্তা মো. জামিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বকেয়া ঋণ আদায়ে এ দুদিন রাকাবের সব শাখায় একযোগে ঋণ আদায় ক্যাম্প আয়োজন ছিল।
এ দুদিনে ব্যাংকের ৮ হাজার ১৬৩ জন ঋণগ্রহীতার কাছ থেকে প্রায় ১৫৬ কোটি টাকা ঋণ আদায় হয়। এ ক্যাম্পে শ্রেণীকৃত ঋণ আদায় হয়েছে ২৪ কোটি ৪১ লাখ টাকা। শ্রেণীকৃত হওয়ার অপেক্ষায় থাকা ঋণের ৫৮ কোটি ১৫ লাখ টাকা এবং পুনঃতফসিলকৃত ঋণের ১৪ কোটি ৭৭ লাখ টাকা আদায় হয়েছে। এছাড়া অন্যান্য ঋণ থেকে আদায় হয়েছে আরো ৫৮ কোটি ৬৭ লাখ টাকা।
রাকাব সূত্র জানিয়েছে, দুদিনের একই ক্যাম্পে রাজশাহী বিভাগে ঋণ আদায় হয়েছে ৭৭ কোটি ১৪ লাখ টাকা। এছাড়া রংপুর বিভাগে ৭৮ কোটি ১৬ লাখ টাকা এবং স্থানীয় মুখ্য কার্যালয়ে ৪৬ লাখ টাকা ঋণ আদায় করেছে।
ক্যাম্পে ঋণ আদায়ের পাশাপাশি বিভিন্ন হিসাবের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা নতুন আমানত সংগ্রহ করেছে রাকাব। উল্লেখযোগ্য পরিমাণ ঋণও বিতরণ করা হয়েছে। অবলোপনকৃত ঋণ থেকে ২৬ লাখ টাকা আদায় এবং খেলাপি ঋণ থেকে স্থগিত সুদ (অনাদায়ী সুদ) আদায়ের মাধ্যমে ব্যাংকের আয় খাতে ৩ কোটি ৯১ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।
ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও ডিজিটাল ব্যাংকিং সেবা ক্রমান্বয়ে বৃদ্ধির মাধ্যমে আগামী জুন-২০২২ হিসাব সমাপনীতে সব প্যারামিটারে রাকাব কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে।
বিনিয়োগবার্তা/এসএল//