
নিজস্ব প্রতিবেদক: হংকং ইকোনমিক অ্যান্ড ট্রেড অফিস ইন ব্যাংককের (এইচকেইটিও) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানটির পরিচালক শিউং উয়েন লির নেতৃত্বে সম্প্রতি ঢাকার বেপজা নির্বাহী দপ্তর পরিদর্শন করেন। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতি, যেখানে বিনিয়োগ বিকাশের বিশাল সুযোগ রয়েছে।
তিনি বলেন, বেপজা ৪০ বছরেরও বেশি সময় ধরে ইপিজেডের বিনিয়োগকারীদের সেবা দিয়ে আসছে। হংকং, চীনসহ ৩৮টি দেশের বিনিয়োগকারীরা এরই মধ্যে এখানে বিনিয়োগ করছেন। তিনি ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের আরো বিনিয়োগের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
শিউং উয়েন লি বলেন, বাংলাদেশই প্রথম দক্ষিণ এশীয় দেশ যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য হংকংয়ের একটি অফিস কাজ করছে। বাংলাদেশকে ভবিষ্যতের একটি প্রধান অর্থনৈতিক শক্তি উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তির (আইপিপিএ) মতো চুক্তি স্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ৩০টিরও অধিক দেশের সঙ্গে হংকংয়ের আইপিপিএ রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ ধরনের চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
এর আগে বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন বেপজার সার্বিক কার্যক্রম, পরিচালন পদ্ধতি ও বিনিয়োগকারীদের প্রদেয় সুবিধাদি, প্রণোদনা প্রভৃতি সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন। এ সময় বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।
বিনিয়োগবার্তা/এসএল//