
নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রোববার (৫ জুন) সংগঠনের সভাপতি একেএম সেলিম ওসমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।
এর আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে প্রাকৃতিক গ্যাসের ভোক্তা পর্যায়ে মূল্য হার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে গ্যাসের সামগ্রিক মূল্য প্রতি ঘনমিটারে ৯.৭০ টাকা থেকে বাড়িয়ে ১১.৯১ টাকা করা হয়েছে। অর্থাৎ ২২.৭৪ শতাংশ দাম বৃদ্ধি করা হয়েছে। এ বর্ধিত মূল্য জুন থেকে প্রযোজ্য ও কার্যকর হবে।
গণমাধ্যমে পাঠানো বিকেএমইর সভাপতি সেলিম ওসমান এমপির সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিইআরসি সরকারের সঙ্গে পরামর্শক্রমে এ হার নির্ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিইআরসিকে যে পরামর্শ দিয়েছেন, সে জন্য আমরা তার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী ও বিএআরসির চেয়ারম্যানকে বিকেএমইএর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তৈরি পোশাক শিল্পে বহুল ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতে প্রতি ঘনমিটারে গ্যাসের মূল্য ১৫.৫২ শতাংশ বৃদ্ধি করে ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহৎ শিল্পে গ্যাসের মূল্য ১১.৯৬ শতাংশ বৃদ্ধি করে প্রতি ঘনমিটারে ১১.৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মাঝারি শিল্পের ক্ষেত্রে এই মূল্য ১১.৭৮ টাকা এবং ক্ষুদ্র, কুটির ও অন্যান্য শিল্পের ক্ষেত্রে ১০.৭৮ টাকা করা হয়েছে।
সেলিম ওসমান বলেন, আমরা বিশ্বাস করি, বস্ত্র খাতের উৎপাদন ব্যবস্থায় সরকার নির্ধারিত গ্যাসের মূল্য আমরা সমন্বয় করতে পারব এবং সরকারের সহযোগিতায় নিটওয়্যার রফতানিতে প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হব।
বিনিয়োগবার্তা/এসএল//