
নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং উন্নয়ন সহযোগী। জাপানের বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য এবং বিনিয়োগের অংশীদার। জাপানের সঙ্গে এফটিএ বা ইপিএ (মুক্ত বাণিজ্য) স্বাক্ষরের বিষয়ে পদক্ষেপ নেয়া প্রয়োজন।
এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই শুরু করার সময় এসেছে। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ উৎসাহিত করতে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পর বিভিন্ন দেশের সঙ্গে প্রিপারেনশিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) বা ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) এর মতো চুক্তি করে বাণিজ্য সুবিধা আদায়ের প্রচষ্টা শুরু করেছে।
বাংলাদেশ ইতোমধ্যে ভুটানের সঙ্গে এফটিএ স্বাক্ষর করেছে। বাংলাদেশ গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক অংশীদার কানাডা, জাপান, চায়না, ইন্ডিয়া, দক্ষিণ কোরিয়া, অষ্ট্রেলিয়া এবং রাশিয়ার সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরের প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়িকভাবে গুরুত্বপূর্ণ দেশের সাথে এধরনের বাণিজ্যচুক্তি স্বাক্ষরের নির্দেশনা দিয়েছেন বলে জানান বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী রোববার (৫ জুন) ঢাকায় হোটেল লেকশোরে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জেবিসিসিআই) আয়োজিত 'দি সার্ভে অন এফটিএ-ইপিএ বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য এখন খুবই আকর্ষণীয় স্থান। বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য বাংলাদেশ উন্নত এবং উন্নয়নশীল দেশের সাথে প্রচেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ যে সকল দেশে রফতানি বেশি সে দেশগুলোর সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জাপানের অ্যাম্বাসেডর নাওকি ইটো, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) মাহফুজার আকতার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেটরো ঢাকা ও জেবিসিসিআইয়ের পরিচালকের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইউজি আনদো। প্যানেল আলোচনায় অংশ নেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মোহাম্মদ মাহবুবুল হক, জেবিসিসিআই এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মতিউর রহমান, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান অ্যান্ড সিইও মাসরুর রেজা, জাপানিস কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট মাইয়ংহো লি.।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন জেবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী। সেমিনারের মডারেটরের দায়িত্ব পালন করেন, জেবিসিসিআইয়ের সেক্রেটারি জেনারেল তারেক রাফি ভূঁইয়া।
বিনিয়োগবার্তা/এসএল//