Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে সামুদ্রিক পণ্যের রফতানি ১ লাখ কোটি রুপি করার লক্ষ্য নির্ধারণ করেছে ভারত। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পিয়ুশ গোয়াল এক বক্তব্যে এ কথা জানান। বর্তমানে দেশটি বছরে প্রায় ৫০ হাজার কোটি রুপি মূল্যের সামুদ্রিক পণ্য রফতানি করে। খবর দ্য প্রিন্ট।

পিয়ুশ গোয়াল বলেন, টেকসই মাছ চাষ, উন্নত মান ও বৈচিত্র্য নিশ্চিত করার মাধ্যমে লক্ষ্য অর্জন সম্ভব। আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিতের পাশাপাশি দেশের রফতানিকারকদের জন্য নতুন নতুন সুযোগ তৈরি করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সামুদ্রিক পণ্য রফতানি বাড়ানোর মাধ্যমে জেলেরা একটি নিরাপদ ও সুরক্ষিত ভবিষ্যৎ পাবেন।

এরই মধ্যে ভারত সরকারের তত্পরতায় রফতানি বাড়াতে কয়েকটি পদক্ষেপ নেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে।

এছাড়া যুক্তরাজ্য ও কানাডার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি প্রক্রিয়াধীন। ১৭ জুন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পর্ব শুরু হবে। এদিকে সিফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (এসইএআই) ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন পিয়ুশ গোয়াল। সাক্ষাত্কালে এ খাতের নানা চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

বিনিয়োগবার্তা/এসএল//