Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Wednesday, 08 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৫ জুন অবশ্যই পদ্মাসেতুর উদ্বোধন হবে। কেউ গুজবে কান দেবেন না। পদ্মাসেতু শুধু আমাদের স্বপ্নের সেতুই নয়, বাংলাদেশের সক্ষমতার প্রতীক। সমস্ত সমালোচনাকে উপড়ে ফেলে বিশ্ব বেনিয়াদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেখ হাসিনা যে মহাযজ্ঞ সমাধান করতে পারেন, সেটার প্রতীক হচ্ছে পদ্মাসেতু।

বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (এটকো) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- মন্ত্রণালয়ের সচিব মো: মকবুল হোসেন, এটকোর সিনিয়র সহ-সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং পরিচালকদের মধ্যে আব্দুল হক, কাজী জাহেদুল হাসান, লিয়াকত আলী খান মুকুল, আহমেদ জুবায়ের, নাভিদুল হক, মো. আশফাক উদ্দীন আহমেদ, আব্দুস সামাদ লাবু, অতিরিক্ত সচিব খাদিজা বেগম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পদ্মাসেতু নিয়ে ড. হাছান বলেন, যে গোষ্ঠী পদ্মাসেতু নির্মাণ শুরুর সময় নরবলি দিতে হবে বলে গুজব রটিয়েছিল, সারাদেশে ছেলেধরা গুজব রটিয়ে দেওয়ায় বহু নিরীহ মানুষ হামলার শিকার হয়েছিল, সেই একই গোষ্ঠী এখনো গুজব রটানোর কাজ করছে।

তথ্যমন্ত্রী বলেন, এটকোর সঙ্গে আগের আলোচনার প্রেক্ষিতে টিভি ও বেতারের টিআরপি নিরূপণের কাজটি দ্রুত শুরু করবে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি। ক্লিনফিড ছাড়া বিদেশি চ্যানেল পরিবেশন করছে এমন যাকে পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে কেবল অপারেটর লাইসেন্স বাতিল করা হবে। আমরা মাঠ পর্যায় থেকে এটা মনিটর করছি, মোবাইল কোর্ট চলছে।

বিদেশি শিল্পী দিয়ে বিজ্ঞাপনচিত্র নির্মাণ ও সম্প্রচারের ক্ষেত্রে ধার্য বিশেষ করের বিষয়ে সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, দেশের স্বার্থে, দেশের শিল্পীদের স্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমি মনে করি, শিল্প ও শিল্পী দুটোকে বাঁচানোর সম্মিলিত দায়িত্ববোধ থেকেই আমরা সেটি করেছি। জুলাই থেকে এটি কার্যকর হবে, সেজন্য আমরা পত্র দিয়েছি।

বিনিয়োগবার্তা/এসএল//