
বেনাপোল (যশোর) প্রতিনিধি: করোনার কারণে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ঢাকা-কলকাতা বাস পরিষেবা। শুক্রবার বিকেল ৪টার দিকে ২২ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেনাপোল বন্দর ছেড়েছে শ্যামলী এন আর পরিবহন। বাসটি ভারতে ঢোকার মুখে বেনাপোল নোম্যান্সল্যান্ডে এর যাত্রা উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল।
জানা গেছে, প্রায় দুই বছর বন্ধ থাকার পর শুক্রবার ২২ জন যাত্রী নিয়ে সকাল ৭টার দিকে ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে শ্যামলী পরিবহনের বাসটি ছেড়ে আসে। বিকেল সাড়ে ৩টার দিকে বেনাপোল চেকপোস্টে আন্তর্জাতিক বাস টার্মিনালে এসে পৌঁছায় বাসটি। এরপর ৪টায় বাসটি কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়।
শ্যমালী এন আর পরিবহনের বেনাপোল কাউন্টার ম্যানেজার বাবু বলেন, ঢাকা থেকে প্রতিদিন বেনাপোল হয়ে এ পরিবহন ছেড়ে যাবে। আবার ভারতের কলকাতা শহর থেকেও ঢাকার উদ্দেশ্য বেনাপোল হয়ে বাস ছেড়ে আসবে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসেন বলেন, ঢাকা-কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রীও বাড়বে। একই সঙ্গে বাড়বে সরকারের রাজস্বও। যাত্রীদের জন্য বেনাপোল ইমিগ্রেশন দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করবে।
বিনিয়োগবার্তা/এসএল//