Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Friday, 10 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বৈদেশিক কোনো ইস্যু নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না। শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহিদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ আরো বলেন, আজকে যারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ইমাম-ওলামা পরিষদসহ কয়েকটি সংগঠনের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে হামলা, ভাঙচুর ও ব্যানার ছিঁড়েছে, তারা কোন ধরনের মুসলমান আমাদের জানা আছে। প্রশাসনকে বলে যাচ্ছি, এরই মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও গ্রেফতার করা হবে। এ ধরনের বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তথ্যমন্ত্রী বলেন, রাসুল (সা.)- এর অবমাননা যেখানেই হোক, বিশ্বের যে প্রান্তেই হোক, আমরা তার তীব্র নিন্দা জানাই। সেই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস্ উল আলম হীরু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সুফুরা বেগম রুমি ও গাইবান্ধা সদর আসনের এমপি মাহাবুব আরা বেগম গিনি।

বিনিয়োগবার্তা/এসএল//