Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 11 Jun 2022 00:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: রফতানি খাতে উৎসেকর দশমিক ৫ শতাংশ পুনর্বহাল করার দাবি জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এমন দাবি জানায় সংগঠনটি। বিসিআই জানায়, রফতানি খাতে উৎসেকর বাড়িয়ে ১ শতাংশ প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, রফতানিমুখী কোম্পানি করহার ১২ শতাংশ করার প্রস্তাব বিসিআইয়ের দীর্ঘদিনের দাবির প্রতিফলন। পাশাপাশি প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রণোদনা প্রদানকে আশাব্যঞ্জক বলে জানায় বিসিআই। প্রয়োজনে ডলারের মূল্য পুনর্নির্ধারণ করে প্রবাসী আয়কে আরো উৎসাহিত করা জরুরি বলে মনে করে সংগঠনটি। এছাড়াও আগামী বাজেটের মূল চ্যালেঞ্জ হিসেবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে উল্লেখ করে বিসিআই। সংগঠনটি জানায়, মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশের মধ্যে রাখার কথা উল্লেখ করা হলেও তা বাস্তবায়নে সুনির্দিষ্ট দিকনির্দেশনা পরিলক্ষিত হচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি করা জরুরি।

প্রতিক্রিয়ায় বিসিআই উল্লেখ করে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা সৃষ্টি ও সক্ষমতা বৃদ্ধিতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে মূসক অব্যাহতি, সব ধরনের ইউটিলিটির ওপর মূসক প্রত্যাহারের আহ্বান জানায় বিসিআই। এ সময় স্টার্টআপ উদ্যোক্তাদের টার্নওভার করহার শূন্য দশমিক ৬০ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ১ শতাংশ করাকে স্বাগত জানানো হয়।


প্রতিক্রিয়ায় বিসিআই জানায়, প্রস্তাবিত বাজেটে করপোরেট কর ২ দশমিক ৫ শতাংশ কমানোর ক্ষেত্রে কিছু শর্তারোপ করা হয়েছে যা বাস্তবায়ন কষ্টসাধ্য। এ সময় আগামী কর বছরে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করে সংগঠনটি। এছাড়া শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসেকর ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ এবং পণ্য সরবরাহের ক্ষেত্রে উৎসেকর ৭ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ব্যবসায়িক খরচ কমাতে উৎসেকর সমন্বয়যোগ্য বিধায় এ কর প্রত্যাহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি অগ্রিম আয়কর (এআইটি) ও অগ্রিম কর (এটি) বিলুপ্ত করার দাবিও জানায় বিসিআই।

প্রতিক্রিয়ায় বিসিআই উল্লেখ করে, বাজেটের ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা যার মধ্যে ব্যাংক খাত থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৫ টাকা ঋণ গ্রহণের কথা বলেছে। সরকার ব্যাংক খাত থেকে এ পরিমাণ ঋণ গ্রহণ করলে বেসরকারি খাতের ঋণ প্রবাহে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিনিয়োগবার্তা/এসএল//