Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Tuesday, 14 Jun 2022 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক: খুলনা সদরের তুতপাড়ায় ‘হাই-টেক পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক  এবং খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার, ১৪ জুন খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনায় হাই-টেক পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহন করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই হাই-টেক পার্ক খুলনার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের ঠিকানা হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, খুলনাবাসীর উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই হাই-টেক পার্কের মাধ্যমে এখানকার তরুণ-তরুণীদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ সৃষ্টি হলো। এই প্রকল্পের মাধ্যমে এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং এখানে তিন হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর ফলে খুলনার আর্থ-সামাজিক অবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আমি মনে করি।

সম্মানিত অতিথির বক্তব্যে খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেতো, অনেক আগেই বাস্তবায়ন হতো সোনার বাংলা গড়ার সেই স্বপ্ন। বঙ্গবন্ধুকে হারিয়ে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনোই পূরণ হবার নয়। ওই কালো রাতে আমিও আমার পিতা শেখ আবু নাসেরকে হারিয়েছি। বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হারিয়ে বাংলাদেশ শত বছর পিছিয়ে গিয়েছে। জাতির পিতার কন্যার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ আবারো ঘুরে দাঁড়িয়েছে বলেই আমরা এখন উচ্চতর প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার সরকার দেশে ৯২টি হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন করছে। আর এসব বহুমুখী উদ্যোগের ফলেই আজ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়িত হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক কর্মসূচীতে খুলনায় আসলে বেশিরভাগ সময় ছোট ভাই শেখ আবু নাসেরের বাসায় উঠতেন। তার খুলনার নূরনগরস্থ বাড়িটি ছিল আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে তিনি খুলনা অঞ্চলে আওয়ামী লীগকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর অবর্তমানে কিংবা তিনি কারাগারে অন্তরীন থাকাকালে শেখ আবু নাসের পিতৃস্নেহে বঙ্গবন্ধুর ছেলে-মেয়েদের দেখাশোনা করতেন। আজ বঙ্গবন্ধু এবং শেখ আবু নাসেরের স্মৃতিবিজড়িত খুলনায় হাই-টেক পার্ক স্থাপন করতে পেরে আমরা গর্বিত। বর্তমানে দেশের ১২টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পে ভারত সরকার ঋণ প্রদান করছে। এরই অংশ হিসেবে আজ খুলনায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। খুলনা ছাড়াও এই প্রকল্পের আওতায় আরো ১১টি জেলায় হাই-টেক পার্ক স্থাপন করা হচ্ছে। ভারত সরকারের লাইন অব ক্রেডিট এবং বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) ডা. বিকর্ণ কুমার ঘোষ বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর মাধ্যমে বর্তমানে সারা দেশে ৯২টি হাই-টেক পার্ক/সফটওয়্যার টেকনোলজি পার্ক/আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজ চলমান রয়েছে, ইতোমধ্যে ০৯টি পার্ক স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে যেখানে ইতোমধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত হাই-টেক পার্কসমূহে ১৯০টি প্রতিষ্ঠানকে স্পেস ও প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে ১২৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং ১৫১টি স্থানীয় স্টার্টআপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস/কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে খুলনা সদরের তুতপাড়ায় প্রায় ৩.৬ একর জমিতে এই হাই-টেক পার্ক স্থাপনের কাজ শেষ হলে এখানে প্রায় ৩০০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অনু্ষ্ঠানে আইসিটি বিভাগ ও বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের কর্মকর্তাগণ এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিনিয়োগবার্তা/ডিএফই//