
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ২৪ এতিম শিশুর পড়াশোনার দায়িত্ব নিল আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান ও দেশীয় ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান বিএসআরএম। অরফান সাপোর্ট প্রজেক্ট ইন বাংলাদেশের আওতায় এসব শিশুর পড়াশোনার দেখভাল করবে প্রতিষ্ঠান দুটি। গতকাল এসব শিশুর মাঝে প্রথম দফায় খাদ্য, শিক্ষাসামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
মিরসরাই পৌরসভা কার্যালয়ে সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজিনা আকতার, মিরসরাই পৌরসভার প্রধান সহকারী অফিসার সাইফুল ইসলাম, মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশ, বিএসআরএমের সিএসআর টিমের সদস্য আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
মঙ্গলবার ভাটিয়ারীতে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে সীতাকুণ্ড ও বিকালে মিরসরাই পৌরসভা কার্যালয়ে মিরসরাইয়ের শিশুদের হাতে খাদ্য, শিক্ষাসামগ্রী ও নগদ টাকা তুলে দেয়া হয়। এ সময় প্রতিটি শিশুকে নগদ অর্থসহ ৩০ কেজি চাল, তিন কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম মিল্ক পাউডার, চার কেজি আটা, দুই কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, দুই কেজি লবণ, ৫০০ গ্রাম চা পাতা, দুই কেজি চিনি, ছয়টি খাতা, এক প্যাকেট রঙ পেন্সিল ও ছয়টি কলম দেয়া হয়।
বিনিয়োগবার্তা/এসএল//